Advertisement
E-Paper

বিবাদের সময় মাথা গরম করে নিজের পায়েই গুলি চালালেন যুবক! হাসপাতাল গেলেন কাতরাতে কাতরাতে, ভাইরাল ভিডিয়ো

সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়োয় দাবি করা হচ্ছে, জমির মালিকানা নিয়ে ভয়ঙ্কর বিবাদ শুরু হয়েছিল ওই পরিবারে। এর মধ্যে পরিবারেরই এক যুবক সদস্য বন্দুক হাতে পরিবারের বাকি সদস্যদের উপর চিৎকার করতে শুরু করেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৯:০৬
Video claims man shoots during family dispute fight

ভিডিয়োর সত্যতা নিয়ে উঠছে প্রশ্নও। ছবি: এক্স থেকে নেওয়া।

পারিবারিক বিবাদের সময় বন্দুক হাতে হুমকি, কেরামতি। রাগ এবং বেপরোয়া মনোভাব মারাত্মক প্রমাণিত হল যুবকের জন্য। নিজের পায়ে নিজেই গুলি করলেন তিনি! তেমনটাই দাবি করে চাঞ্চল্যকর একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

সমাজমাধ্যমে ভাইরাল ওই ভিডিয়োয় দাবি করা হচ্ছে, জমির মালিকানা নিয়ে ভয়ঙ্কর বিবাদ শুরু হয়েছিল ওই পরিবারে। এর মধ্যে পরিবারেরই এক যুবক সদস্য বন্দুক হাতে পরিবারের বাকি সদস্যদের উপর চিৎকার করতে শুরু করেন। লোকজন তাঁকে বোঝানোর চেষ্টা করলেও তাঁকে শান্ত করা সম্ভব হয়নি। অনেকে তাঁকে দেখে ভয়ে পালিয়ে যান। তর্কাতর্কি বাড়তে থাকলে যুবকের রাগ চরমে পৌঁছোয়। তিনি নিজের পায়েই গুলি চালান। গুলি লাগতেই যন্ত্রণায় ছটফট করতে থাকেন। সঙ্গে সঙ্গে উপস্থিত অনেকে তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। কিছুটা দূরে একটি ছাদ থেকে পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করা হয়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি, ঘটনাটি উত্তরপ্রদেশের বুলন্দশহরে ঘটেছে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে যুবক ভুলবশত নিজের পায়ে গুলি করেছেন, না ইচ্ছা করে করেছেন, তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট হয়নি।

ভাইরাল ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘আজ়াদ দেশ কা আজ়াদ নাগরিক’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘প্রতিটি পরিবারেই জমি নিয়ে বিবাদ হয়। কিন্তু এটা বা়ড়াবাড়ি। রাগের ফল আরও বিপজ্জনক হতে পারত।’’ অন্য এক জন আবার ভিডিয়োর সত্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ‘‘এই ঘটনা আদৌ ঘটেছে, না কি এআই ভিডিয়ো দিয়ে বানানো বা কোনও শুটিঙের অংশ।’’

Viral Video Shoot Family Dispute
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy