Advertisement
E-Paper

পায়ে ছোবল খেয়েও থামল না কেরামতি, কামড় খেলেন হাতেও, গোখরো ব্যাগে পুরতে পুরতেই মৃত্যু যুবকের! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি আবাসনের ভিতর থেকে গোখরো সাপ ধরে নিয়ে বাইরে আসছেন এক সাপুড়ে যুবক। সাপের লেজ এক হাতে ধরে রেখেছেন তিনি। সাপের বাকি শরীর ধরে রেখেছেন একটি দণ্ডের সাহায্যে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৩:১১
Video shows man rescues cobra and plays with it, dies after snake bites him

কেরামতি দেখাতে গিয়ে গোখরোর ছোবল খেলেন যুবক। ছবি: এক্স থেকে নেওয়া।

একটি আবাসন থেকে বিশাল গোখরো উদ্ধারের পর কেরামতি দেখাচ্ছিলেন যুবক। কৌটোবন্দি করার আগে হাতে ঘুরিয়ে-ফিরিয়ে খেলা দেখাচ্ছিলেন বিষাক্ত সাপটিকে নিয়ে। আর তখনই ঘটে গেল বিপদ। যুবকের হাতে মোক্ষম ছোবল বসাল গোখরো। কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। মৃত্যু হল তাঁর। চাঞ্চল্যকর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি আবাসনের ভিতর থেকে গোখরো সাপ ধরে নিয়ে বাইরে আসছেন এক সাপুড়ে যুবক। সাপের লেজ এক হাতে ধরে রেখেছেন তিনি। সাপের বাকি শরীর ধরে রেখেছেন একটি দণ্ডের সাহায্যে। সাপ উদ্ধার দেখতে চারপাশে ভিড় জমে গিয়েছে। প্রাথমিক ভাবে সাপুড়ে সাপটিকে বার করে খোলা জায়গায় নিয়ে আসেন। কিন্তু বিষাক্ত সরীসৃপটিকে একটি সুরক্ষিত ব্যাগে রাখার পরিবর্তে তিনি এটিকে মাটিতে রেখে দেন। বিপদ আঁচ করে সাপটি সাপুড়ের হাত থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে। এর পর গোখরোটিকে নিয়ে খেলা দেখাতে শুরু করেন যুবক। এমনকি মাথায় আলতো করে টোকাও দেন। এর পরেই ক্ষিপ্ত হয়ে যুবকের পায়ে ছোবল বসায় সাপটি। কামড় খাওয়ার পর সাপুড়েকে বলতে শোনা যায়, “সাপ কামড়ে দিল।” এর পরেও যুবক সাপটিকে উত্ত্যক্ত করতে থাকেন। জবাবে সাপটিও হিসহিস করে বার বার তাঁকে কামড়ানোর চেষ্টা করে।

ভিডিয়োয় এক জন পথচারীকে বলতে শোনা যায়, “আপনি বিপদের সঙ্গে খেলছেন।” কিন্তু সে দিকে কান দেননি যুবক। কেরামতি দেখাতে থাকেন। এর পর যুবকের হাত ছাড়িয়ে বেরোনোর চেষ্টা করলে আবার গোখরোটিকে আটকে রাখেন যুবক। কিছু ক্ষণ পরেই যুবকের আঙুলে আবার কামড় বসায় বিষধর সাপটি। যুবক ক্ষতস্থান পরীক্ষা কর কামড়ের জায়গা থেকে রক্ত চুষে নেওয়ার চেষ্টা করেন। অবশেষে সাপটিকে সুরক্ষিত করার জন্য একটি ছোট পাত্র আনা হয়। কিন্তু তত ক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। বিষ কাজ করতে শুরু করে এবং যুবকের অবস্থার দ্রুত অবনতি ঘটে। সাপটিকে পাত্রে ঢোকাতে ঢোকাতেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। খবর, শরীরে বিষের আধিক্যের কারণে মারা গিয়েছেন যুবক।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বিপজ্জনক সাপের সঙ্গে খেলা করার মধ্যে কোনও বীরত্ব নেই, বোকামি রয়েছে।’’

Viral Video Snake Viral Video Cobra Rescue Cobra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy