Advertisement
E-Paper

বাইরে থেকে ছোড়া রড এসে লাগল চলন্ত তাজ এক্সপ্রেসের জানলায়! ভাঙল কাচ, আতঙ্কিত যাত্রীরা, ভাইরাল ভিডিয়োয় হইচই

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লি স্টেশন ছেড়ে ট্রেনটি ঝাঁসির উদ্দেশে রওনা দেওয়ার কিছু ক্ষণ পরেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা বাইরে থেকে ট্রেনটির দিকে একটি লোহার রড ছুড়ে মারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১১:৩৫
Miscreants throws Iron rod at Taj express, Passengers got scared, video goes viral

লোহার রডটি নাড়াচাড়া করে দেখছেন এক যাত্রী। পাশে ভাঙা জানালার কাচ পড়ে। ছবি: এক্স থেকে নেওয়া।

নয়াদিল্লি স্টেশন ছেড়ে রওনা দিয়েছিল এক্সপ্রেস। কিছু ক্ষণ চলার পরেই বাইরে থেকে লোহার রড ছুড়ে মারা হল ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রিত একটি কামরার জানলায়। ঝনঝন করে ভেঙে পড়ে গেল সেই কাচের জানলা। আতঙ্ক ছড়িয়ে পড়ল যাত্রীদের মধ্যে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ১২২৮০ নয়াদিল্লি-ঝাঁসি তাজ এক্সপ্রেসে। সেই ঘটনায় এক জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লি স্টেশন ছেড়ে ট্রেনটি ঝাঁসির উদ্দেশে রওনা দেওয়ার কিছু ক্ষণ পরেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা বাইরে থেকে ট্রেনটির দিকে একটি লোহার রড ছুড়ে মারে। সজোরে ট্রেনের একটি কামরার জানলায় আঘাত করে রডটি। জানালার কাচ ভেঙে যায়। কাচের টুকরো কামরার ভিতরে ছড়িয়ে পড়ে। আহত হন এক জন যাত্রী।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে ট্রেনের ওই কামরার ভিতরে আতঙ্ক ছড়িয়েছে। একে অপরের দিকে দেখছেন তাঁরা। অনেকে বিষয়টি ক্যামেরাবন্দি করে রাখছেন। কামরার মধ্যে ভাঙা কাচ আসন এবং মেঝেয় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। কয়েক জন যাত্রী জানলা ভেদ করে আসা লোহার রডটি নাড়াচাড়া করে দেখেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ট্রেনস অফ দিল্লি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। ঘটনাটি ট্রেনের দিকে, বিশেষ করে দিল্লির আশেপাশের এলাকাগুলোতে বস্তু ছোড়ার একটি উদ্বেগজনক ধারাকে তুলে ধরেছে। রেলের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে এ ধরনের ১,৬৯৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে, যা যাত্রীদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। যদিও নয়াদিল্লি-ঝাঁসি ট্রেনের ঘটনা নিয়ে এখনও রেলের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। আহত যাত্রীর অবস্থা সম্পর্কেও কোনও বিবৃতি দেওয়া হয়নি। অন্য দিকে নেটাগরিকেরা ঘটনাটিতে কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ঘটনার নিন্দা করে দোষীদের শাস্তির দাবিতেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ।

Viral Video Indian Railway
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy