Advertisement
E-Paper

‘অনেকে বলেছিলেন, আকাশ যেন আমাকে ছোটমা বলে’, অগ্নিদেবের প্রথম পক্ষের ছেলের সঙ্গে কী ভাবে সহজ হলেন সুদীপা?

প্রথম স্ত্রীর সঙ্গে প্রায় ১৩ বছর আলাদা থাকার পরে সুদীপার সঙ্গে সম্পর্কে জড়ান পরিচালক অগ্নিদেব। সেই সময় আকাশ বেশ কিছুটা বড়। বেঙ্গালুরুতে হস্টেলে পড়াশোনা করে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ০৮:৫৮
(বাঁ দিকে) সুদীপার সঙ্গে তাঁর স্বামীর প্রথম পক্ষের ছেলে আকাশের (ডান দিকে) সম্পর্ক কেমন?

(বাঁ দিকে) সুদীপার সঙ্গে তাঁর স্বামীর প্রথম পক্ষের ছেলে আকাশের (ডান দিকে) সম্পর্ক কেমন? ছবি: সংগৃহীত।

কিছু দিন আগে স্বামীর আগের পক্ষের সন্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী কণীনিকা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে সমাজমাধ্যমে স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের আগের পক্ষের ছেলে আকাশ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। তার পর থেকে নানা ধরনের নেতিবাচক মন্তব্যে ভরে উঠেছে তাঁর সমাজমাধ্যম। এমনকি সংসার ভাঙার মতো তোপও দেওয়া হয়েছে সুদীপাকে।

প্রথম স্ত্রীর সঙ্গে প্রায় ১৩ বছর আলাদা থাকার পরে সুদীপার সঙ্গে সম্পর্কে জড়ান পরিচালক অগ্নিদেব। সেই সময় আকাশ বেশ কিছুটা বড়। বেঙ্গালুরুতে হস্টেলে পড়াশোনা করে। সুদীপার সঙ্গে আকাশের সহজ সম্পর্ক কী ভাবে তৈরি হল?

সুদীপা বলেন, “আমার সঙ্গে আকাশের সম্পর্ক যে প্রথম থেকেই সহজ ছিল সেটা বলা ভুল হবে। মোটেই এমনটা ছিল না। বরং এমনও হয়েছে, হস্টেল থেকে এসেছে। বাকিদের সঙ্গে গল্প করছে, আমার সঙ্গে করছে না। আবার সবাইকে প্রণাম করল। আমাকে এড়িয়ে চলে গেল। খুব কাঁদতাম।” সেই সময় তাঁর স্বামী খুব সাহায্য করেছিলেন।

দুই ছেলের সঙ্গে সুদীপা।

দুই ছেলের সঙ্গে সুদীপা। ছবি: সংগৃহীত।

সুদীপা জানান, সেই সময়ে অগ্নিদেব তাঁকে বোঝাতেন, জীবনটা সিনেমা নয়। তিন মিনিটে সব সম্পর্ক ভাল হয়ে যায় না। সময় দিতে হয়। সুদীপা বলেন, “আমি কাঁদতাম, নিজেকে বোঝাতামও। অনেকে আকাশকে বলেছিল আমাকে যেন ‘ছোটমা’ বলে ডাকে। কিন্তু কেন ডাকবে ও? আমার থেকে মাত্র আট বছরের ছোট আকাশ। অনেকটা ভাইয়ের মতো। আমি বারণ করেছিলাম। আর তা ছাড়া আকাশের তো মা আছেন। সত্যি বলতে, আকাশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার নেপথ্যে ওর মায়ের ভূমিকাও কম নয়।”

সুদীপা জানান, অগ্নিদেব বা তাঁর বিপক্ষে এমন কোনও কথা আকাশকে তাঁর মা বলেননি, যাতে তাঁদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। না হলে তাঁদের সম্পর্ক এই পর্যায়ে আসতে পারত না। তিনি যোগ করেন, “সদ্য আকাশের জন্মদিন গিয়েছে, কেউ কেউ মন্তব্য করেছেন, ‘লজ্জা করে না, এক জনের সংসার ভেঙেছেন। অন্যের সন্তানের সঙ্গে ছবি দিচ্ছেন।’ আগে এ সব আমাকে কষ্ট দিত। এখন আর দেয় না। বরং তাঁদের সটান জবাব দিতে পারি আমি। বলে দিই, একটু পড়াশোনা করে আসুন।”

আকাশের জন্মদিনে সুদীপার শুভেচ্ছা।

আকাশের জন্মদিনে সুদীপার শুভেচ্ছা। ছবি: সংগৃহীত।

প্রসঙ্গত, অগ্নিদেবের প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গেও সুসম্পর্ক রয়েছে সুদীপার। আকাশের দিদার মৃত্যুর পরে আরও ঘনিষ্ঠ হয়ে গিয়েছেন তাঁরা। সুদীপা বলেন, “আমি আকাশকে বুঝিয়েছিলাম, তুমি কি চাও তোমার বাবা দোটানায় পড়ুক। সে আমাকেও ছাড়তে পারবে না। তোমাকেও দুঃখ দিতে পারবে না। এক দিন তোমাকে বেড়াতে নিয়ে যাবে। আবার অন্য দিন আমাকে। এ ভাবে কি জীবন চলে? তা হলে তো তোমার বাবারই কষ্ট বাড়বে। আমার সেই কথা ও বুঝতে পেরেছিল। তার পরেই ধীরে ধীরে আমাদের সম্পর্ক অন্য মোড় নেয়।”

করোনা পরিস্থিতি তাঁদের আরও কাছাকাছি এনে দিয়েছিল। এখন আকাশের মা এবং তাঁর বোনের সঙ্গেও সুদীপার সুসম্পর্ক। দেখা হলে গল্প হয়। অনেক ভাল সময়ও তাঁরা একসঙ্গে কাটিয়েছেন। এখন আকাশ তাঁর বাবার নতুন ছবির অন্যতম প্রযোজক। তাঁরা একসঙ্গে ‘চোর’ ছবিটি তৈরি করছেন, যে ছবির চিত্রনাট্য লিখেছেন সুদীপা। সব ঠিক থাকলে সম্ভবত অগস্টে মুক্তি পাবে সেই ছবি।

family Relationship Sudipa Chatterjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy