‘হীরামন্ডী’ ওয়েব সিরিজ়ে অভিনয় করার পর থেকেই খবরে ছিলেন অভিনেতা তাহা শাহ বদুশা। ‘তাজদার’ চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন ‘জাতীয় ক্রাশ’-এর তকমা। এর পরে ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয় তাঁর ছবি ‘পারো’। অস্কারের প্রাথমিক বাছাইপর্বেও নাম উঠেছিল এই ছবির। কিন্তু, দর্শকের সামনে সে ভাবে দেখা যায়নি তাঁকে। এ বার তাহার পরিত্রাতা হয়ে এলেন পরিচালক-প্রযোজক কর্ণ জোহর।
‘হীরামন্ডী’ ওয়েব সিরিজ়ে তাহা শাহ বদুশা। ছবি: ইনস্টাগ্রাম।
কর্ণের প্রযোজনায় তাহাকে এ বার দেখা যাবে নতুন একটি সিরিজ়ে। যার নাম ‘নজ়দীকিয়া’। শুধু তা-ই নয়, তাঁর সঙ্গে আরও তিন অভিনেতা-অভিনেত্রীকে দেখা যাবে এই সিরিজ়ে। শোনা যাচ্ছে, কর্ণের ২০০৬ সালের ছবি ‘কভী অলবিদা না কহনা’র আদলে তৈরি হবে এই সিরিজ়। সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত সিরিজ়ে অভিনয় তাঁকে পরিচিতি এনে দিয়েছে। এর পরে একাধিক ফ্যাশন শোয়ে দেখা গিয়েছে তাহাকে। একাধিক বিজ্ঞাপনের মুখও তিনি। সঞ্জয়ের প্রযোজনা সংস্থার পরেই এ বার কর্ণের সিরিজ়ে সুযোগ পেয়ে আপ্লুত তাহা।
২০১১ সালে ‘যশরাজ ফিল্মস’-এর প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘লভ কা দি এন্ড’। এই ছবিতে বলি অভিনেত্রী শ্রদ্ধা কপূরের বিপরীতে অভিনয়ের সুযোগ পান তাহা। কিন্তু, ছবিটি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে। কর্ণের সঙ্গেও এটা তাহার প্রথম কাজ নয়। ২০১৩ সালে কর্ণ প্রযোজিত ‘গিপ্পি’ ছবিতে অভিনয় করেন তাহা। সেই ছবিটিও বক্সঅফিসে তেমন ব্যবসা করতে পারেনি। এর পর ২০১৪ সালে কর্ণের প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বার বার দেখো’। সিদ্ধার্থ মলহোত্র ও ক্যাটরিনা কইফ অভিনীত সেই ছবিতেও অভিনয় করেছিলেন তাহা। সেটিও বিশেষ লাভের মুখ দেখেনি।
বার বার ব্যর্থতা সত্ত্বেও দমে যাননি অভিনেতা। এর পরে ‘হীরামন্ডী’ সিরিজ়টি দর্শক ও সমালোচকের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও প্রশংসিত হন তাহা। অভিনেতার কথায়, ‘‘সঞ্জয় স্যরের সঙ্গে কাজ করার পরে ‘নজ়দীকিয়া’-র মাধ্যমে অভিনয়ের নতুন একটি ক্ষেত্র অন্বেষণ করতে পেরে আমি উচ্ছ্বসিত। আমি কৃতজ্ঞ। আশা করছি, দর্শকের এই কাজ ভাল লাগবে।’’ ২০২৬ সালে কর্ণের সঙ্গে ছবিতে ফের তাঁকে দেখা যাবে, এটা যেন তাঁর কাছে জীবনের এক বৃত্ত পূরণের মতো।