অবশেষে চারহাত এক হল। গত কয়েক দিন ধরে পপ-তারকা টেলর সুইফ্টের বিয়ে নিয়ে বিপুল জল্পনা হয়েছে। শুক্রবার রাতে প্রেমিক ট্রাভিস কেলসিকে বিয়ে করলেন গায়িকা। সাক্ষী রইল নিউ ইয়র্কের ঐতিহাসিক ‘ম্যাডিসন স্কোয়ার গার্ডেন’।
তবে এই রাজকীয় বিয়ের সবটাই ছিল গোপনে। শেষ মুহূর্ত পর্যন্ত অনুষ্ঠান নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন আয়োজকেরা। তবু ‘ম্যাডিসন স্কোয়ার গার্ডেন’-এর বাইরে সকাল থেকেই ভিড় জমতে শুরু করে হাজার হাজার অনুরাগীর। গরম উপেক্ষা করে প্রিয় তারকাদের এক ঝলক দেখার আশায় ছিলেন তাঁরা। বিয়ে সম্পন্ন হওয়ার পর স্টেডিয়ামের বিশাল ডিজিটাল পর্দায় ভেসে ওঠে— ‘জাস্ট ম্যারেড’। যা দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠে অনুরাগীরা।
যুগলে এখনও কোনও ঘোষণা না করলেও ছড়িয়ে পড়েছে তাঁদের বিয়ের এই ছবি। ছবি: সংগৃহীত।
তাঁদের বিয়ের গুরুভার সামলেছেন অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। তিনিই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। প্রচলিত রীতি ভেঙে বর-কনে কোনও ‘ব্রাইড্সমেড’ বা ‘গ্রুমসম্যান’ রাখেননি। টেলরের ‘ম্যান অব অনার’-এর দায়িত্ব সামলান তাঁর ভাই অস্টিন সুইফ্ট। অন্য দিকে ট্রাভিসের ‘বেস্ট ম্যান’ ছিলেন তাঁর ভাই, প্রাক্তন ফুটবল তারকা জেসন কেলসি।
অতিথিদের তালিকাও ছিল চোখধাঁধানো। উপস্থিত ছিলেন গায়িকা ক্যামিলা কাবেলো, অভিনেতা হিউ গ্র্যান্ট, ইথান হক, জেসন সুডেকিস, অভিনেত্রী জেসিকা চ্যাস্টেন, ডাকোটা জনসন, মডেল কার্লি ক্লস-সহ বিনোদন ও ক্রীড়াজগতের বহু পরিচিত মুখ। ট্রাভিসের একাধিক এনএফএল সতীর্থও অনুষ্ঠানে যোগ
ম্যাডিসন স্কোয়ার গার্ডেন’-এর বাইরে ডিজিটাল পর্দায় বিয়ের ঘোষণা। ছবি: সংগৃহীত।
অনুষ্ঠানের নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। অতিথিদের মুঠোফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল বলে জানা গিয়েছে। ফলে অনুষ্ঠানের ভিতরের ছবি বা ভিডিয়ো কার্যত প্রকাশ্যে আসেনি। যদিও একটি ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে গায়িকার হাতে পানীয়ের গ্লাস। দু’জনেই বিয়ের সাজে। তবে দর্শকের একাংশের দাবি, সেই ছবি ‘এআই’ সহায়তায় তৈরি। এই দিন কালো এসইউভির দীর্ঘ সারি, কড়া পুলিশি নিরাপত্তা এবং গোপনীয়তার আবরণ— সব মিলিয়ে ম্যাডিসন স্কোয়ার গার্ডেন ঘিরে তৈরি হয় এক অন্য আবহ।
২০২৩ সালে শুরু হওয়া টেলর-ট্রাভিসের সম্পর্ক অল্প সময়ের মধ্যেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে আসে। কনসার্টে কেলসির উপস্থিতি থেকে শুরু করে এনএফএল ম্যাচে গ্যালারিতে বসে টেলরের খেলা দেখা— প্রতিটি মুহূর্তই অনুরাগীদের কাছে ছিল বিশেষ আকর্ষণের। সেই বহুচর্চিত প্রেমই এ বার পেল পরিণতি।
বিয়ের ঠিক আগে আরও একটি কারণে প্রশংসা কুড়িয়েছেন এই তারকাজুটি। অন্দরের খবর, আমেরিকার ২০টি স্থানীয় ও জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থাকে মোট ২ কোটি ৬০ লক্ষ মার্কিন ডলার অনুদান দিয়েছেন তাঁরা।