সকাল থেকে কর্মব্যস্ততা। ক্যামেরা চলছে। নায়িকা রাশি খন্না ব্যস্ত তাঁর নতুন কাজ নিয়ে। তার মাঝেই ছন্দপতন। শুটিং সেটেই ঘটে গেল এক অস্বস্তিকর ঘটনা। শুটিং সেট থেকে খোয়া গেল প্রায় ৫০ হাজার টাকা। শোনা যাচ্ছে, রাশির ব্যাগ থেকেই চুরি হয়েছে হাজার হাজার টাকা! ঠিক কী ঘটেছে?
যে কোনও শুটিং সেটেই শিল্পীদের জন্য থাকে ভ্যানিটি ভ্যানের ব্যবস্থা। শটের ফাঁকে শিল্পীরা সেখানে বিশ্রাম নেন। ওখানেই তৈরি হন চরিত্রের জন্য। খাওয়া-দাওয়া করেন। সব ধরনের সুযোগ-সুবিধা থাকে সেখানে। রাশির নতুন ছবির সেটেও ছিল এমনই কিছু ভ্যানিটি ভ্যান। অভিযোগ, সেই ভ্যানের কর্মীদের মধ্যেই নাকি এক জন এই কাণ্ড ঘটান। তাঁকে নাকি হাতেনাতে ধরে সেটেরই দু’জন।
একটি ব্যাগ থেকে প্রায় ৫০ হাজার টাকা চুরি করে পালাচ্ছিলেন অভিযুক্ত ব্যক্তি। তা দেখতে পেয়েই হাতেনাতে ধরা হয় তাঁকে। সঙ্গে সঙ্গে আটক করা হয়। ঘটনার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং নিরাপত্তারক্ষীরা অভিযুক্তকে মারধর করে সেট থেকে বের করে দেন—এমনটাই দাবি সূত্রের।
প্রথমে শোনা গিয়েছিল, চুরি হওয়া অর্থ নাকি রাশির। তবে পরে অভিনেত্রীর টিম থেকে জানানো হয়, ওই টাকা আসলে তাঁর নয়। বরং সেই টাকা নাকি তাঁর ম্যানেজারের ছিল। ফলে এই ঘটনায় অভিনেত্রীর সরাসরি জড়িত থাকার কোনও প্রশ্নই ওঠে না। এই ঘটনাকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রির অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে। একাংশের মতে, এ ধরনের ঘটনা চলচ্চিত্রজগতের পেশাদারিত্ব ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে এবং তা অত্যন্ত লজ্জাজনক।