Advertisement
E-Paper

নতুন ছবি ‘প্রধান’-এর জন্য বিশেষ প্রস্তুতি দেবের, নিজেই দিলেন প্রমাণ

ছুটি নেই। সময়ের সঙ্গে তাঁর ব্যস্ততা বেড়েই চলেছে। নতুন ছবির জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন দেব। সেই ঝলকই ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৩ ১৮:২৯
Image of dev.

অভিনেতা দেব। ছবি: সংগৃহীত।

নিশ্বাস ফেলার বিন্দুমাত্র সময় নেই তাঁর। ঝুলিতে রয়েছে একাধিক ছবি। অগস্টে ব্যোমকেশ রূপে বড় পর্দায় দেখা যাবে দেবকে। তার পরেই রয়েছে পুজোর ছবি ‘বাঘাযতীন’। সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে নতুন ছবির ঘোষণাও করেছেন তিনি। থেমে থাকা যেন দেবের অভিধানে নেই। আগামী মাসে ‘প্রধান’ ছবির শুটিং শুরু হওয়ার কথা। ফলে হাতে আর খুব বেশি সময় নেই। এই ছবির প্রস্তুতি শুরু করে দিলেন অভিনেতা।

প্রতিটি চরিত্রের জন্য এক ধরনের চেহারার গড়ন প্রয়োজন। যেমন ‘বাঘাযতীন’-এর জন্য নিজের শরীর এবং লুকের পরিবর্তন করেছিলেন দেব। আবার ব্যোমকেশের জন্য প্রয়োজন ছিল অন্য রকমের চেহারা। এ বার ‘প্রধান’-এর জন্যও কসরত করা শুরু করলেন দেব। জিমে ট্রেডমিলে দাঁড়িয়ে রয়েছেন নায়ক। গায়ে একটা সুতো পর্যন্ত নেই। ঘর্মাক্ত কলেবর। খালি গায়ে সমাজমাধ্যমে এ রকমই একটি নিজস্বী পোস্ট করলেন অভিনেতা। সঙ্গে দেব লেখেন, “নতুন চরিত্রের জন্য নতুন পরিবর্তন প্রয়োজন। পরের কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। সেটাই এই মুহূর্তে প্রধান।”

কয়েক দিন আগে একই ফ্রেমে দেব, সৃজিত এবং রুক্মিণী মৈত্রকে দেখে চমকে গিয়েছিলেন দর্শক। কারণ দুই শিবিরের ব্যোমকেশ বিতর্ক ভুলে তাঁদের যে একসঙ্গে দেখা যাবে সেটাই অনেকে অনুমান করতে পারেননি। এই নতুন ছবির বিষয়ে যদিও বিস্তারিত কিছু জানা যায়নি। ২০২৪ সালে মুক্তি পাবে দেব-সৃজিত জুটির নতুন ছবি।

Dev Tollywood Film Tollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy