গানে নারীশরীর নিয়ে যৌন ইঙ্গিত রয়েছে! ‘টটীরী’ নামে একটি গানের জন্য বিপাকে জড়িয়েছেন বাদশা। তার পর থেকে বিতর্ক তাঁর পিছু ছাড়ছে না। ক্ষমা চেয়েছেন তিনি। কিন্তু তাতেও মিটছে না সমস্যা। এ বার এই নিয়ে উত্তরপ্রদেশের মহিলা কমিশনের ভাইস-চেয়ারপার্সন অপর্ণা যাদব চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে।
মহিলা কমিশনের দাবি, উত্তরপ্রদেশে যেন বাদশাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তিনি যেন উত্তরপ্রদেশে কোনও অনুষ্ঠান করতে না পারেন। এই বিতর্কের কেন্দ্রেও রয়েছে বাদশার হরিয়ানভি গান ‘টটীরী’। এই গানের কথা ও দৃশ্য নিয়ে আপত্তি জানিয়েছেন অপর্ণাও। গানের কথা ও দৃশ্য সাধারণ মানুষের মনে কুপ্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা তাঁরও। এই গানেও মহিলাদের আপত্তিজনক ভাবে দেখানো হয়েছে বলে দাবি তাঁর।
আরও পড়ুন:
অভিযোগ, এই গানে স্কুলের পোশাক পরা মেয়েদের দেখানো হয়েছে। তাঁরা কাঁধের ব্যাগ নামিয়ে গানের সঙ্গে হঠাৎ নেচে উঠেছেন। অভিযোগকারীদের দাবি, এই ধরনের দৃশ্য সমাজে ভুল বার্তা ছড়াতে পারে। এ ছাড়াও, আপত্তিকর ভাষাপ্রয়োগের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এই গান শিক্ষাব্যবস্থায়ও কুপ্রভাব ফেলতে পারে বলে দাবি করা হয়েছে উত্তরপ্রদেশের মহিলা কমিশনের পক্ষ থেকে। যার জেরে বাদশার বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছেন তাঁরা। উত্তরপ্রদেশের কোনও জেলাতেই যেন বাদশাকে অনুষ্ঠান করতে দেওয়া না হয়, সেই আর্জি জানানো হয়েছে যোগীকে লেখা দীর্ঘ চিঠিতে।
এই গান নিয়ে বিতর্ক শুরু হওয়ায় বাদশা ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন। তিনি জানান, তিনি হরিয়ানার একজন গর্বিত ছেলে। তিনি মহিলা বা শিশু কাউকেই আপত্তিকর ভাবে তুলে ধরতে চাননি বলেও দাবি করেছেন। বিতর্কিত গানটি সমস্ত প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এই গানটি নিয়ে বাদশাকে একহাত নিয়েছেন সোনা মহাপাত্রও।