Advertisement
E-Paper

পুরনো ধারাবাহিকে নয়া মোড়! আসছে নতুন সিরিয়ালও, মাস পড়তেই চ্যানেলে চ্যানেলে কী বদল?

জ়ি বাংলা, স্টার জলসা এবং সান বাংলা চ্যানেলে সাজোসাজো রব। হয় নতুন মেগা আসছে। নয়তো পুরনো মেগার গল্পে নতুনত্বের স্বাদ। কী কী ঘটছে সেখানে?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ২০:০৬
চ্যানেলে চ্যানেলে মোড় ঘোরানো মাস।

চ্যানেলে চ্যানেলে মোড় ঘোরানো মাস। ছবি: সংগৃহীত।

এখনও বাঙালির অন্দরমহলে সন্ধ্যা নামলেই ছোটপর্দার দাপট। সারা দিনের ব্যস্ততার পর গিন্নিদের অবসর বিনোদন নানা স্বাদের ধারাবাহিকে। প্রতি পর্বে তাই চমকের পর চমক। পরস্পরকে ছাপিয়ে যাওয়ার হাড্ডাহাড্ডি লড়াই। সাপ্তাহিক ফলাফলে রেটিং চার্টে যে ধারাবাহিক এগিয়ে, সেই দলের মুখে যুদ্ধজয়ের হাসি।

আইপিএল অবশ্য সাময়িক এই যুদ্ধে বড় বাধা হয়ে উঠেছিল। ধারাবাহিক দেখার চেয়েও তখন পাল্লা ভারী ক্রিকেট খেলা দেখায়। সেই পর্ব শেষ। জ়ি বাংলা, স্টার জলসা এবং সান বাংলা—তিনটি চ্যানেলের কর্তৃপক্ষই নতুন করে কোমর বেঁধে নেমে পড়েছেন। রেটিং চার্টে প্রথম পাঁচের মধ্যে জায়গা দখল করতে হবে তো! তাই চ্যানেলে চ্যানেলে নতুন ধারাবাহিকের পাশাপাশি পুরনো মেগার গল্পে নতুনত্বের স্বাদ। আনন্দবাজার ডট কম তারই হদিশে।

জ়ি বাংলা—

ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’।

ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। ছবি: সংগৃহীত।

অন্নপূর্ণার লক্ষ্মীরা: জ়ি বাংলায় একাধিক নতুন ধারাবাহিক আসছে। ১ জুন থেকে সন্ধ্যা ৭টায় দেখানো শুরু হল ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। একা মা আর তাঁর তিন মেয়ের লড়াইয়ের গল্প এই ধারাবাহিকের বিষয়। অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ধারাবাহিকে ‘একা মা’ সোমা বন্দ্যোপাধ্যায়। আছেন স্বস্তিকা ঘোষ, সৌম্যদীপ মুখোপাধ্যায় প্রমুখ।

ধারাবাহিক ‘কুসুম’।

ধারাবাহিক ‘কুসুম’। ছবি: সংগৃহীত।

কুসুম: ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকের জন্য সময় বদলে গেল ‘কুসুম’-এর। এটি এ বার থেকে দেখা যাবে সন্ধ্যা ৬টায়। ধারাবাহিক ‘সাত পাকে বাঁধা’ আসবে সাড়ে ৫টার স্লটে।

দুলারি: স্বর্ণেন্দু সমাদ্দারের পরিচালনায় দেখানো শুরু হল নতুন ধারাবাহিক ‘দুলারি’। এক গ্রামের মেয়ে শহরে এসে নিজেকে প্রমাণ করবে। সে কি লড়াইয়ে জিতবে? স্বর্ণেন্দু বরাবর গ্রামের মেয়ের জিতে যাওয়ার গল্প বলেন। এই ধারাবাহিকে দেবাদৃতা বসুর বোন দেবপ্রিয়া বসু ছোটপর্দায় প্রথম নায়িকা হচ্ছেন।

এ ছাড়া নিয়মিত ধারাবাহিক ‘কমলা নিবাস’, ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরিণীতা’, ‘জোয়ার ভাঁটা’, ‘কনে দেখা আলো’, ‘আনন্দী’। ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি কেবল আর দেখা যাবে না। ৩১ মে ধারাবাহিকটির শেষ সম্প্রচার হয়।

স্টার জলসা—

এই চ্যানেলেই আসবে নতুন ধারাবাহিক ‘কুমকুম’। এই ধারাবাহিক দিয়ে লম্বা বিরতির পর ছোটপর্দায় ফিরবেন আদৃত রায়।

বাবলি সুন্দরী: ‘একা বাবা’র গল্প নিয়ে হাজির নতুন ধারাবাহিক ‘বাবলি সুন্দরী’। বাবলি আর বিনায়কের একটি মজার ভাইরাল ভিডিয়ো হাসি ফুটিয়েছে বিনায়কের মুখে। তাই দেখে বিনায়কের বাবার মত, বাবলিই তাঁর ছেলের জন্য উপযুক্ত। বাবলি-বিনায়ক কি এক ছাদের নীচে আসতে পারবে?

ও মোর দরদিয়া: বাণী, অনিরুদ্ধ এবং তানিয়া তাদের পরিবারের কনিষ্ঠতম সদস্যকে স্বাগত জানাতে প্রস্তুত। তাই নিয়ে বাড়িতে উদ্‌যাপন, আনন্দের ছোঁয়া সকলের মনে। সন্ধ্যা ৭টার এই ধারাবাহিক দিয়ে ১০ বছর পরে ছোটপর্দায় ফিরেছেন রণিতা দাস।

ধারাবাহিক ‘ঘূর্ণি’।

ধারাবাহিক ‘ঘূর্ণি’। ছবি: সংগৃহীত।

ঘূর্ণি: পিচে বল ঘুরছে। ঘুরছে ঘূর্ণির জীবনও। তার পেশাজীবনের অন্যতম কঠিন সময়ের মুখোমুখি সে। তাকে দল থেকে ‘নিষিদ্ধ’ করা হয়েছে। সে কি আর খেলতেই পারবে না? ঘূর্ণির স্বামী কী ভাবে তাকে এই সংকট কাটিয়ে উঠতে সহযোগিতা করবে? এই নিয়েই এগোবে সন্ধ্যায় সাড়ে ৭টার ধারাবাহিকটি।

রাত ৮টা এবং সাড়ে ৮টায় দর্শক ‘পরশুরাম: আজকের নায়ক’ এবং ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’র মধ্যে একটি রোমাঞ্চকর ‘অ্যাকশন-প্যাকড’ টানটান পর্ব দেখতে পাবেন। দুই ধারাবাহিকের দুই নায়িকা ‘বিদ্যা’ এবং ‘তটিনী’ একসঙ্গে দেখা দেবেন ছোটপর্দায়। একটি নির্জন রাস্তায় এক ভয়ঙ্কর গুন্ডা দলের কাছে কোণঠাসা হয়ে পড়ে। আচমকা এক রহস্যময় আগন্তুক তাদের উদ্ধার করে। কিন্তু কে এই অজানা রক্ষাকর্তা? এর পিছনে কী রহস্য লুকিয়ে আছে? উত্তর লুকিয়ে দুই ধারাবাহিকের যৌথ অভিযানে।

ধারাবাহিক ‘গঙ্গা’।

ধারাবাহিক ‘গঙ্গা’। ছবি: সংগৃহীত।

গঙ্গা: পুলিশ অফিসার অর্জুন জেনে ফেলে অহনার অসৎ উদ্দেশ্য। ঠিক করে আর সে অহনাকে ক্ষমা করবে না। এ দিকে একের পর এক বিপদের জাল ছিঁড়ে এগিয়ে চলেছে গঙ্গা। সে কি পারবে শেষরক্ষা করতে?

গল্পের নতুন মোড় আসছে সান বাংলার ধারাবাহিকগুলোতেও।

সোহাগে আদরে: সূর্য আর সোহাগের চার হাত এক হয়েছে। এ বার তাঁরা মধুচন্দ্রিমার জন্য পৌঁছে গিয়েছে শৈলশহরে। শুটিং জীবন্ত করতে টিম দার্জিলিংয়ে গিয়ে শুটিং করেছেন বলে খবর।

ধারাবাহিক ‘রূপমতী’।

ধারাবাহিক ‘রূপমতী’। ছবি: সংগৃহীত।

রূপমতী: নতুন সমস্যার মুখোমুখি রূপমতী। নানা অলৌকিক কান্ড ঘটছে তাকে নিয়ে। তারই ধাক্কায় সে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সকলের থেকে। রূপমতীর কী হবে? পারিবারিক নয়, রূপকথার রাজ্যেও যে টানাপড়েন থাকে, দেখাবে এই ধারাবাহিক।

Zee Bangla Star Jalsha Sun Bangla
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy