Advertisement
E-Paper

‘আমার অনুমতির প্রয়োজন নেই ঐশ্বর্যার’, স্ত্রীর সম্পর্কে আর কী বলে প্রশংসা কুড়োলেন অভিষেক?

অভিষেকের সঙ্গে ঐশ্বর্যার বিচ্ছেদ নিয়ে বছর দেড়েক ধরে চলছে আলোচনা। তবু নীরব ছিলেন দম্পতি। এ বার ঐশ্বর্যাকে নিয়ে মন্তব্য করে বাহবা কুড়োলেন অভিনেতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫১
(বাঁ দিকে) ঐশ্বর্যা রাই বচ্চন, (ডান দিকে) অভিষেক বচ্চন।

(বাঁ দিকে) ঐশ্বর্যা রাই বচ্চন, (ডান দিকে) অভিষেক বচ্চন। ছবি: সংগৃহীত।

বহু বছর হল বড়পর্দায় কাজ কমিয়েছেন। তবু ঐশ্বর্যা রাই বচ্চনকে নিয়ে উৎসাহের অন্ত নেই দর্শকের। গত কয়েক বছর ধরে তাঁর ও অভিষেক বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়েও কাটাছেঁড়া হয়েছে। তাঁদের দাম্পত্যজীবন নিয়ে নানা কথা রটেছে। তবু নীরব ছিলেন দম্পতি। এ বার ঐশ্বর্যাকে নিয়ে মন্তব্য করে নেটাগরিকদের কাছে সেরা স্বামীর বাহবা কুড়োলেন অভিষেক।

সৌন্দর্য প্রতিযোগিতায় জিতে বলিউডে প্রবেশ। মাত্র কয়েক বছরের মধ্যে বলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে ওঠেন ঐশ্বর্যা। যদিও একটা সময়ে স্বেচ্ছায় এই কর্মব্যস্ত জীবন থেকে মুখ ফিরিয়ে নেন। তা নিয়ে কোনও রকমের কোনও নিরাপত্তাহীনতায় ভোগেন না তিনি। বরং ঐশ্বর্যা বলেন, ‘‘আমার মধ্যে কোনও দিনই কোনও নিরাপত্তাহীনতা ছিল না। আমার মেয়েকে বড় করার দায়িত্ব রয়েছে। এ ছাড়াও স্বামীকে সময় দিচ্ছিলাম। তাই এ ধরনের জিনিস মাথায় আসে না। আর জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গিও সম্পূর্ণ আলাদা।’’

ঐশ্বর্যা কাজ করেন খুব বেছে বেছে। শেষ বার তাঁকে দেখা গিয়েছিল ২০২৩ সালে ‘পোন্নিয়ান সেলভান ২’ ছবিতে। সেই সময় তাঁর অভিনয়ের প্রশংসা হয় সর্বত্র। তখনই নেটাগরিকদের একটা অংশ অভিষেকের কাছে অনুরোধ জানান, ঐশ্বর্যা যাতে আরও বেশি বেশি ছবিতে কাজ করেন তাঁর অনুমতি দিন। তাতেই অভিষেক বলেন, ‘‘আমি ওকে অনুমতি দেওয়ার কেউ নই। ওর নিজের সিদ্ধান্ত নিজে নেয়। আর যে কাজ করতে ও ভালবাসে সেখানে আমার অনুমতির প্রশ্নই নেই।’’

অভিষেকের এ হেন মন্তব্য মন জয় করে নেটাগরিকদের। স্বামী হিসেবে তিনি একেবারে ঐশ্বর্যার যোগ্য সেই বিষয় সহমত প্রকাশ করেন অনেকেই।

Aishwarya Rai Abhishek Bachchan Amitabh Bachchan Bollywood Controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy