পরনে মিন্ট গ্রিন রঙের ড্রেস। সঙ্গে মানানসই রূপটান। ‘কান’ চলচ্চিত্র উৎসবে আলিয়া ভট্টের সাজপোশাক ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাঁর ‘লুক’ নিয়ে আলোচনার মধ্যেই প্রকাশ্যে আরও এক তথ্য। ছড়িয়ে পড়েছে আলিয়ার একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, বিলাসবহুল একটি হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠছেন নায়িকা।
এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরেই আগ্রহী হয়ে পড়ে দর্শক। অনেকেই জানতে চেয়েছে অনুষ্ঠান উপলক্ষে কোথায় থাকছেন নায়িকা? অন্দরের আলোচনা, ফ্রান্সের এক বিখ্যাত হোটেলে রয়েছেন আলিয়া। সেখানে দেশ-বিদেশের বিভিন্ন তারকা এসে ওঠেন।
আলিয়া যে হোটেলে থাকছেন, সেখানে রয়েছে একাধিক অত্যাধুনিক সুযোগসুবিধা। বিভিন্ন ধরনের খাবারের রেস্তরাঁ যেমন আছে, তেমনই রয়েছে ফ্রান্সের সমুদ্রতটের সবচেয়ে সুন্দর ‘ভিউ’। আলিয়া যে ঘরে থাকছেন, সেখানে থাকতে গেলে প্রতি রাতে ভারতীয় মুদ্রায় কত টাকা গুণতে হবে? টাকার অঙ্ক শুনলে অনেকেই বিস্মিত হবেন। বলি সূত্রে খবর, ফ্রান্সের ওই বিখ্যাত হোটেলে বিলাসবহুল একটি ঘরের প্রতি রাতের ভাড়া সাড়ে আট লক্ষ টাকা।
তবে আপাতত আলিয়ার নতুন সাজে বুঁদ অনুরাগীরা। তাঁকে প্রশংসায় ভরিয়েছেন সবাই। অনেকে এর মধ্যেই জানতে চেয়েছেন মেয়ে রাহা কপূরের কথা। মেয়েকে কি মুম্বইয়ে রেখে এসেছেন? এই প্রশ্নে জর্জরিত অভিনেত্রী। কিন্তু আলিয়া এই মুহূর্তে উপভোগ করছেন ‘কান’ চলচ্চিত্র উৎসবের প্রতিটি মুহূর্ত।