অভিনেতাদের নাকি নানা রকমের সংস্কার থাকে? শোনা যায়, যে পোশাক বা বাড়ি কিংবা কোনও কিছু তাঁদের ছবি জনপ্রিয় করে, তার উপরে তাঁদের দুর্বলতা জন্মে যায়। যেমন, অধিকাংশ ছবিতে সলমন খানের নাম ‘প্রেম’। সেই নামেই জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অমিতাভ বচ্চনের গ্যারাজে নাকি অধিকাংশ গাড়ির নম্বরে ২ সংখ্যাটি আছে। তাঁর ‘লাকি নম্বর’ নাকি ২।
অভিনেতা রবি দুবেও সেই একই পথে হাঁটতে চলেছেন! নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে তিনি ‘লক্ষ্মণ’-এর চরিত্রে অভিনয় করবেন। খবর, শুটিংয়ের আগে তিনি উঠে এসেছেন আমির খানের অ্যাপার্টমেন্টে! এই অ্যাপার্টমেন্টে ‘দঙ্গল’ ছবির শুটিংয়ের সময় বসবাস করতেন আমির। বলিউড জানে, এই বাড়িটি আমিরের কাছে কতটা ‘সৌভাগ্য’-এর প্রতীক। একাধিক সাক্ষাৎকারে অভিনেতাও নাকি জানিয়েছিলেন, এই বাড়িতে একা থাকাকালীন তাঁর কাজ ভাল হয়েছিল। তিনি মন দিয়ে অভিনয় করেছিলেন। তাই ছবিও হিট।
‘দঙ্গল’ ছবির শুটিংয়ের সময় আমির অধিকাংশ সময়টাই কাটিয়েছেন পঞ্জাবের লুধিয়ানার একটি বিলাসবহুল হোটেলে। বাকি সময় সমুদ্রমুখী ওই অ্যাপার্টমেন্টটিই নাকি ছিল তাঁর আস্তানা। শোনা যাচ্ছে, সাফল্যের আশা নিয়ে রবিও নাকি উঠে এসেছেন পশ্চিম বান্দ্রার ওই অ্যাপার্টেন্টটিতে। প্রসঙ্গত, রবি আপাতত পুরোপুরি ‘লক্ষ্মণ’ হয়ে ওঠার প্রস্তুতিতে ব্যস্ত। ‘রাম’ রণবীর কপূরের মতো তিনিও খাদ্যাভ্যাস বদলেছেন। অনেক পুরনো অভ্যাস ছেড়েছেন। সংযম অভ্যাস করছেন। পাশাপাশি, সারা ক্ষণ ডুবে রয়েছেন চিত্রনাট্যে। সব ঠিক থাকলে ছবির প্রথম পর্ব মুক্তি পাবে চলতি বছরের দীপাবলিতে।