ভট্ট বাড়ির মেয়ে বউ হয়ে যাচ্ছেন কপূর খানদানে। জাঁকজমক না হলে চলে? এই মুহূর্তে সবচেয়ে চর্চিত জুটি রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ে নিয়ে উত্তেজনায় ফুটছে গোটা বলিউড। শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠান সেরে আগামী ১৭ এপ্রিল জমজমাট রিসেপশন পার্টির আয়োজন করতে চলেছেন ‘রণলিয়া’। চোখধাঁধানো সেই পার্টিতে চাঁদের হাট বসবে মুম্বইয়ের বিলাসবহুল হোটেল তাজ মহল প্যালেসে।
আপাতত যা খবর, তাতে ১৪ এপ্রিলই চার হাত এক হতে চলেছে রণবীর-আলিয়ার। পঞ্জাবি রীতি-রেওয়াজ মেনে তার আগে থেকেই শুরু হয়ে যাবে বিয়ের নানা আনুষ্ঠানিক উদযাপন। বান্দ্রার ‘বাস্তু’তে মহা ধুমধামে সাত পাক ঘুরবেন ‘রণলিয়া’। পারিবারিক বিয়েতে যোগ দেবে কপূর ও ভট্ট পরিবার। সামিল হবেন ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরা।
এর পরেই ১৭ তারিখের জমজমাট আয়োজন। শোনা যাচ্ছে, বলিউডের খ্যাতনামীরা প্রায় সকলেই আমন্ত্রিত পার্টিতে। রণবীর-আলিয়ার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আমন্ত্রণ। পার্টিতে যোগ দিতে পারেন শাহরুখ কান, কর্ণ জোহর, হৃতিক রোশন, রানি মুখোপাধ্যায়, ক্যাটরিনা কইফ, সিদ্ধার্থ মলহোত্র, অর্জুন কপূর, আদিত্য রায় কপূর, বরুণ ধবন-সহ বহু তারকাই।
বলিপাড়ার সূত্র বলছে, বিয়ের আগে ব্যাচেলর পার্টির হুল্লোড়েও মাততে পারেন ঋষি কপূরের একমাত্র পুত্র। জনা পঞ্চাশেক ঘনিষ্ঠ বন্ধুবান্ধবকে নিয়ে সেখানে আনন্দে-উচ্ছ্বাসে ভাসবেন রণবীর। সঙ্গী হবু বউ আলিয়াও।