Advertisement
E-Paper

সমাজমাধ্যমে ‘লাইভ’ থেকে আত্মহত্যার চেষ্টা অনুরাগের! এখন কী অবস্থা ‘বিগ বস’ প্রতিযোগীর?

ভিন্‌জাতে বিয়ের জন্য অবিরাম হেনস্থার শিকার। সহ্য করতে না পেরেই কি আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছিলেন ‘বিগ বস’-খ্যাত প্রতিযোগী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১২:০২
অল্পের জন্য প্রাণে বাঁচলেন ‘বিগবস্‌’-খ্যাত অনুরাগ ডোভাল।

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ‘বিগবস্‌’-খ্যাত অনুরাগ ডোভাল। ছবি: সংগৃহীত।

দীর্ঘ দিন ধরে নানা অভিযোগ তাঁর। একাধিক বার জানিয়েছিলেন, তিনি আত্মহত্যা করবেন। খবর, শনিবার সমাজমাধ্যমে ‘লাইভ’ থাকা অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেন ‘বিগ বস’-খ্যাত অনুরাগ ডোভাল। দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে ১৫০ কিমি গতিবেগে গাড়ি চালাতে থাকেন। শেষপর্যন্ত প্রাণে বেঁচে গেলেও দুর্ঘটনায় গুরুতর আহত তিনি। দুমড়ে গিয়েছে তাঁর গাড়িটি।

খবর, প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে ভর্তি করেছেন আইসিইউ বিভাগে। সমাজমাধ্যমে অনুরাগের বিষয়ে জানতে পেরে হাসপাতালে পৌঁছে যান অন্য এক নেটপ্রভাবী দীপক কাঠুরিয়া। তিনি সেখান থেকে ‘লাইভ’-এ আসেন। দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে অনুরাগ। যন্ত্রণায় কাতর। দীপক তাঁর হাত ধরে বলে ওঠেন, “দ্বিতীয় জন্ম হল আপনার। ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে হাসুন।” দীপকের অনুরোধে ক্ষীণ হাসির রেখা ফুটে ওঠে অনুরাগের ঠোঁটের কোণায়। তাঁকে দেখতে হাসপাতালে তত ক্ষণে পৌঁছে গিয়েছেন ‘বিগ বস ১৭’-য় যোগ দেওয়া কয়েক জন প্রতিযোগী। প্রত্যেকে নিজের নিজের সমাজমাধ্যম থেকে ‘লাইভ’ হন। দ্রুত সুস্থ হয়ে ওঠার শুভকামনা জানান।

যাঁরা অনুরাগকে খুঁজে বার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন, হাসপাতাল থেকে তাঁদের আন্তরিক ধন্যবাদ জানান ইউটিউবারের সহকারী রোহিত পাণ্ডে। সমাজমাধ্যমে বলেন, “আপনারা না থাকলে অনুরাগ প্রাণ ফিরে পেতেন না। আপনাদের জন্যই আমরা ওকে ফিরে পেলাম।” এ-ও জানান, রবিবার অনুরাগকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তিনি আইসিইউ-তে নিবিড় পর্যবেক্ষণের মধ্য রয়েছে। ইউটিউবার যাতে সুস্থ হয়ে ওঠেন তার জন্য সবাইকে প্রার্থনা করতে বলেন।

শনিবার ঠিক কী ঘটিয়েছিলেন অনুরাগ? ইউটিউবারের ভাগ করে নেওয়া ভিডিয়ো অনুযায়ী, তিনি সরাসরি সম্প্রচারে এসে নিজের মাকে উদ্দেশ করে বলেন, “মা, যদি পরের জন্মে তোমার কাছে আসি, তা হলে শুধুই ভালবাসা দিও।” তার পরেই গাড়ির গতি বাড়িয়ে বলেন, “চলো, শেষ ড্রাইভে যাই”। ১৫০ কিমি বেগে তখন গাড়ি ছুটছিল তাঁর। ভিডিয়োটি শেষ হয় তাঁর দুর্ঘটনার পরেই। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময়ে অনুরাগের চোখ কান্নায় ভেজা!

সমাজমাধ্যমে অনুরাগ ‘রাইডার’ নামে খ্যাত। ইউটিউবারকে ‘বিগ বস’-এর ঘরে দেখা গিয়েছে। তাঁর অভিযোগ, ছোটবেলা থেকেই নাকি নানা হেনস্থার শিকার তিনি। ক্রমশ বড় হয়েছেন অনুরাগ। হেনস্থার পরিমাণ নাকি কমেনি। সম্প্রতি বিয়ে করেছেন তিনি। স্ত্রী ঋতিকার সঙ্গে তাঁর আলাপ সমাজমাধ্যমে। অনুরাগের অভিযোগ, তাঁর স্ত্রী ভিন্‌জাতের, তাই এই বিয়ে নিয়েও প্রচুর সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। অনুরাগের মা-বাবা নাকি এই বিয়ের ঘোর বিরোধী ছিলেন।

কেন বার বার নিজেকে শেষ করে দেওয়ার ভাবনা এসেছে অনুরাগের মাথায়? ‘রাইডার’-এর দাবি, তাঁর জীবনের সমস্যা বেড়েছে বই কমেনি! এক এক সময় যখন মানসিক অস্থিরতা বেড়েছে, তখনই নিজেকে শেষ করে দেওয়ার ভাবনা জেগে উঠেছে। যদিও অনুরাগের ভাই কামাল ডোভালের দাবি, অনুরাগ এ সবই করেন দৃষ্টি আকর্ষণের জন্য। ভাইয়ের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে বলেও দাবি করেন তিনি। বিবৃতিতে লেখেন, “আমি এক কথার মানুষ। সব প্রমাণ আমার সংবাদ চ্যানেলে দিয়েছি। সবাই নিশ্চিন্ত থাকুন, এটা ওর (অনুরাগ) রোজকার বিষয়। এক পক্ষের গল্প শুনিয়েছে আমার ভাই। কিন্তু সত্যিটা বলেনি।” অনুরাগের ভাই আরও জানান, শেষপর্যন্ত অনুরাগের বিয়েতে তাঁদের মা-বাবা উপস্থিত ছিলেন। স্ত্রী ঋতিকাকেও মারধর করেছেন অনুরাগ। তিনি নির্দোষ, এমন নয়। কামালের বক্তব্য, “এ সব শোনার পরেও যদি মনে হয় আপনারা ওকেই সমর্থন করবেন, তা হলে আপনারা অপরিণত।”

Bigg Boss Anurag Dobhal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy