Advertisement
E-Paper

এ বার ফ্রেমবন্দি মাহির ক্রিকেট প্রেম

কাজের ফাঁকে ক্রিকেট ছিল তাঁর বরাবরের প্যাশন। তাই দক্ষিণ-পূর্ব রেলে টিকিট পরীক্ষকের কাজের মাঝেই বিভিন্ন ক্লাবের হয়ে খেপ খেলতেন তিনি। বিএনআর ময়দান, নিমপুরা ময়দানে একাধিক ছোট ক্রিকেট প্রতিযোগিতাতেও মহেন্দ্র সিংহ ধোনি খেলেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৫ ০১:০৫
খড়্গপুরের ধোবিঘাটের মাঠে চলছে শ্যুটিং। বুধবার রামপ্রসাদ সাউয়ের তোলা ছবি।

খড়্গপুরের ধোবিঘাটের মাঠে চলছে শ্যুটিং। বুধবার রামপ্রসাদ সাউয়ের তোলা ছবি।

কাজের ফাঁকে ক্রিকেট ছিল তাঁর বরাবরের প্যাশন। তাই দক্ষিণ-পূর্ব রেলে টিকিট পরীক্ষকের কাজের মাঝেই বিভিন্ন ক্লাবের হয়ে খেপ খেলতেন তিনি। বিএনআর ময়দান, নিমপুরা ময়দানে একাধিক ছোট ক্রিকেট প্রতিযোগিতাতেও মহেন্দ্র সিংহ ধোনি খেলেছেন। ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়ে খড়্গপুর ছাড়েন মাহি (ধোনির ডাকনাম)। বুধবার খড়্গপুরের ধোবিঘাটের মাঠে চলল নীরজ পাণ্ডের পরিচালনায় ‘এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমার শ্যুটিং। সোমবার থেকেই খড়্গপুর শহরের নানা জায়গায় এই ছবির শ্যুটিং চলছে। বুধবারই ছিল খড়্গপুরে সিনেমার প্রথম পর্বের শ্যুটিংয়ের শেষ দিন। ফের ডিসেম্বর মাঝের মাঝামাঝি সময়ে খড়্গপুরে ছবির শ্যুটিং হবে। ঝাড়খণ্ডের রাঁচি ও কলকাতায় শ্যুটিং হবে ছবিরনানা দৃশ্যের।

শ্যুটিংয়ের জন্য সাজানো হয়েছে ধোবিঘাটের মাঠ। লাগানো হয়েছে ডিসপ্লে বোর্ড। রয়েছে ফ্লাড লাইট, মঞ্চও। স্থানীয় যুবকদের নিয়ে এক প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রতিযোগিতার ফাইনালে খেলতে নামেন সুশান্ত সিংহ রাজপুত। ধোনির ভূমিকায় অভিনয় করছেন তিনি। বিএনআর ময়দানে প্রতি বছর গ্রিন আকাদেমির উদ্যোগে আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় খেলতেন ধোনি। গ্রিন আকাদেমির সম্পাদক তথা খড়্গপুরের পুরপ্রধান প্রদীপ সরকার বলেন, “সালটা ছিল ২০০৩। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে আসেন তৎকালীন বাংলা ক্রিকেট দলের সদস্য শিবসাগর সিংহ। ওই দিন মাহির খেলা দেখে তিনিও প্রশংসা করেছিলেন।’’

ধোনির কর্মজীবনের বন্ধুদের কথায়, বিভিন্ন ছোট টুর্নামেন্টে খেলেও ধোনি দু’-তিন হাজার টাকা পুরস্কার জিতেছেন। ভোজন রসিক মাহি পুরস্কারের টাকা খাওয়ার পিছনের খরচ করতেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy