Advertisement
E-Paper

ঘণ্টার পর ঘণ্টা চেয়ার বসে কাজ করতে গিয়েই বাড়ছে মেদ, ৫ কৌশলে কমবে ওজন

ঘণ্টার পর ঘণ্টা টানা বসে কাজের ফলে বাড়ছে ওজন, বাড়ছে অসুখের ঝুঁকিও। সুস্থ থাকতে কাজের ফাঁকেই শরীরচালনা প্রয়োজন। তবে ওজন যদি কমাতে হয়, কী কী করা যেতে পারে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ২০:২০
ওজন বাড়ছে বসে কাজে। কী ভাবে মেদ ঝরবে?

ওজন বাড়ছে বসে কাজে। কী ভাবে মেদ ঝরবে? ছবি: এআই সহায়তায় প্রণীত।

ঠা-ঠা রোদে হয়তো ঘুরতে হচ্ছে না, কিন্তু অফিসে বসে কাজ করার ঝক্কিও কম নয়। ঘণ্টার পর ঘণ্টা টানা বসে কাজের ফলে বাড়ছে ওজন, বাড়ছে অসুখের ঝুঁকিও। চিকিৎসকেরা বলছেন, ওঠা-হাঁটা না করে ঠায় বসে থাকা শরীরের পক্ষে একেবারেই ভাল না। সুস্থ থাকতে কাজের ফাঁকেই শরীরচালনা প্রয়োজন। তবে ওজন যদি কমাতে হয়, কী কী করা যেতে পারে?

১। হাঁটাচলা, শরীরচর্চা কম হলে ওজন বাড়তেই পারে। সেই কারণে, খাওয়া দরকার ক্যালোরি মেপে। খাদ্যতালিকায় জুড়ে নিন কম ক্যালোরিযুক্ত কিন্তু পুষ্টিকর খাবার। প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার থাকা দরকার তাতে। অফিসে বসে ভাজাভুজি খাওয়ার প্রবণতাও কমাতে হবে।

২। অফিসে আসার আগে অথবা পরে কিংবা বিকেলের দিকে মিনিট দশেকের বিরতি নিয়ে খানিক শরীরচর্চা করুন। বিকেলে বেরিয়ে রাস্তায় দ্রুত পায়ে হেঁটে নিন। এতে মেদ ঝরবে, মনও চনমনে হবে। অফিস থেকে ফেরার সময় বাসে ওঠার আগে একটা স্টপেজ হেঁটে নিন।

৩। ছোট ছোট অভ্যাসে নজর দেওয়া দরকার। কাজের ফাঁকে চা-কফিতে চুমুক দিতে হলেও চিনি বাদ দিন। গ্রিন টি বা হার্বাল টি খেতে পারেন। বিশেষত গ্রিন টি, বিপাকহার বৃদ্ধি করে ওজন বশে রাখতে সাহায্য করে।

৪। চিকিৎসকেরা বলছেন মানসিক চাপ বশে রাখা জরুরি। অফিস, ডেডলাইন, পরিবার— নানা রকম ঝামেলা, টানাপড়েন থাকবেই। তবে যতটা সম্ভব নিজেকে মানসিক চাপ থেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। অনেক সময় অবসাদ থেকেও বেশি খাওয়ার প্রবণতা জাগে। তা থেকেও ওজন বাড়ে।

৫। পর্যাপ্ত ঘুমকে অনেকে অত্যাবশ্যকীয় মনে করেন না। কিন্তু তা খুব জরুরি। অন্তত ৮ ঘণ্টা ঘুম দরকার, না হলে বিগড়ে যেতে পারে হরমোনের ভারসাম্য। তা থেকেও ওজন বাড়তে পারে।

Weight Loss Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy