দোরগোড়ায় গ্রীষ্ম। ধীরে ধীরে চারদিকে তালশাঁস দেখা দিতে শুরু করবে। ভিটামিন সি, কে, ই, আয়রন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালশিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে এই ফলে। তালশাঁস খেলে শরীর ঠান্ডা থাকে। ইলেক্ট্রোলাইটের ভারসাম্য রক্ষা করতে পারে এই ফল। শরীরে জলের ঘাটতি পূরণ করতেও তালশাঁস খাওয়া যায়, কারণ এর ৯০-৯৫ শতাংশ জলে ভর্তি। তালশাঁসের মধ্যে ফাইবারের পরিমাণও বেশি। তাই হজম সংক্রান্ত সমস্যা নিরাময়ে সাহায্য করে এই ফল। তবে কেবল ফল হিসাবেই খেতে হবে, তার কোনও মানে নেই। নানা ধরনের সুস্বাদু পদ বানানো যায়।
তালশাঁস দিয়ে তৈরি ৫ পদ
তালশাঁসের সরবত
গরমের দিনে তালশাঁসের সরবত খুবই সতেজ এক পানীয়। শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং ক্লান্তি কমায়। এই শরবত বানাতে তালশাঁসের নরম অংশ চটকে বা বেটে নিতে হয়। তার সঙ্গে ঠান্ডা জল বা ডাবের জল মেশাতে হয়। স্বাদ বাড়ানোর জন্য এতে সামান্য চিনি বা গুড়, লেবুর রস এবং পুদিনা পাতা দেওয়া যায়। সব কিছু মিশিয়ে ঠান্ডা করে পরিবেশন করলে এটি গরমে খুবই আরাম দেয়।
তালশাঁস দিয়ে বানিয়ে নিন রকমারি পদ। ছবি: এআই সহায়তায় প্রণীত।
তালশাঁসের পায়েস
তালশাঁস দিয়ে তৈরি ক্ষীর বা পায়েস মিষ্টি পদ হিসেবে খুবই তৃপ্তি করে খাওয়া যাবে। অতিথি এলে এমন পায়েস বানিয়ে আপ্যায়ন করতে পারেন। প্রথমে তালশাঁস টুকরো করে কেটে রাখুন। অন্য দিকে, দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিতে হয়। স্বাদের জন্য এতে চিনি এবং সামান্য এলাচগুঁড়ো দেওয়া যায়। সাধারণ পায়েসের মধ্যে অল্প চালও দিতে পারেন। পায়েস ঘন হয়ে এলে তালশাঁস মিশিয়ে দিন। কয়েক মিনিট ঢিমে আঁচে রেঁধে নিন। শেষে বাদামের টুকরো ছড়িয়ে ঠান্ডা করতে দিন। ঠান্ডা করে খেলে এটি আরও সুস্বাদু লাগে।
তালশাঁসের স্মুদি
তালশাঁস ছোট ছোট করে কেটে নিয়ে কলার সঙ্গে ব্লেন্ডারে পিষে নিন। তার সঙ্গে সামান্য মধু মিশিয়ে নিন। ঠান্ডা করার জন্য কয়েক টুকরো বরফ ঢেলে পরিবেশন করুন। গরমের দিনে খুবই আরামদায়ক ও সুস্বাদু স্মুদি এটি।
তালশাঁসের মিল্কশেক
তালশাঁস ও দুধ মিশিয়ে একটি পুষ্টিকর ঠান্ডা পানীয় তৈরি করা যায়। তালশাঁসের নরম অংশ দুধের সঙ্গে ভাল ভাবে মিশিয়ে নিতে হবে ব্লেন্ডারে। এর পর তাতে সামান্য মধু বা চিনি এবং একটু এলাচগুঁড়ো দেওয়া যায়। বরফকুচি মিশিয়ে ঠান্ডা করে পরিবেশন করতে পারেন গরমের সময়ে।
আরও পড়ুন:
তালশাঁসের লস্যি
তালশাঁস ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এ বার ব্লেন্ডারে দুধ, চিনি, দই ও বরফের টুকরোর সঙ্গে তালশাঁসগুলিকে ভাল করে পিষে নিন। ঠান্ডা এই পানীয় গ্লাসে ঢালার সময়ে কয়েক টুকরো তালশাঁস উপরে ছড়িয়ে দিতে পারেন।