Advertisement
E-Paper

ওজন কমানোর ডায়েটে কি বার্লি রাখতে পারেন? এই দানাশস্য খাওয়ার উপকারিতা কী কী?

বার্লি জিনিসটি আসলে কী? বার্লি হল যব। যে যবের ছাতু পাওয়া যায়। সেই জবেরই গোটা দানা হল বার্লি। ওজন কমানোর ডায়েটে ভাতের বিকল্প হতে পারে ওই যব বা বার্লি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ২০:৪৫

ছবি: সংগৃহীত।

এক কালে ছোটদের পেটের সমস্যা হলে বার্লি খাওয়ানোর চল ছিল। অনেকে শিশুর স্বাস্থ্য ফেরানোর জন্যও খাওয়াতেন বার্লি। কিন্তু বাজারে নানা ধরনের ‘হেল্থ ড্রিঙ্ক’ আসার পরে এই খাবারের জনপ্রিয়তা কমে। ধীরে ধীরে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের রান্নাঘর থেকেও হারিয়ে যায় বার্লি। আর সেই বার্লি এখন আবার ফিরে আসছে। আর ফিরছে একেবারে উচ্চবিত্তের শৌখিন ওজন ঝরানোর খাবার হিসাবে। নামী স্যালাড বার, কিটো ডায়েটের খাবার প্রস্তুতকারী রেস্তরাঁ, ক্যাফেটেরিয়ায় চিকেন স্যালাডে ছড়িয়ে দেওয়া হচ্ছে বার্লি। সেই বার্লি কি সত্যিই হতে পারে ওজন কমানোর খাবার। এ জিনিসের আর কী কী উপকার আছে? তা জানার আগে জেনে নেওয়া দরকার, বার্লি জিনিসটি আসলে কী? বার্লি হল যব। যে যবের ছাতু পাওয়া যায়। সেই জবেরই গোটা দানা হল বার্লি। ওজন কমানোর ডায়েটে ভাতের বিকল্প হতে পারে ওই যব বা বার্লি।

বার্লির পুষ্টিগুণ

বার্লিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা সাধারণ চাল বা গমের তুলনায় অনেক বেশি। প্রতি ১০০ গ্রাম শুকনো বার্লিতে ক্যালরি থাকে ৩৫৪। এ ছাড়া ৭৩ গ্রাম কার্বোহাইড্রেট, ১৭ গ্রাম ফাইবার, ১২ গ্রাম প্রোটিন এবং ২.৩ গ্রাম ফ্যাট থাকে।

ওজন কমায় কী ভাবে?

১. বার্লিতে থাকা উচ্চমাত্রার ফাইবার (বিশেষ করে বিটা-গ্লুকান) পাকস্থলীতে গিয়ে জেলির মতো তৈরি হয়, যা হজম প্রক্রিয়া ধীর করে দেয়। ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং বারবার খাওয়ার ইচ্ছা কমে।

২. এর গ্লাইসেমিক ইনডেক্স কম, যা রক্তে চিনির মাত্রা হঠাৎ বাড়তে দেয় না। এটি ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে, যা ওজন কমানোর জন্য জরুরি।

বার্লির অন্যান্য উপকারিতা

হৃদরোগের ঝুঁকি কমায়: এর সলিউবল ফাইবার রক্তে ‘খারাপ’ কোলেস্টেরল বা এলডিএল কমাতে সাহায্য করে, যা হার্ট ভালো রাখে।

হজম শক্তি বৃদ্ধি: প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়।

কিডনির সুরক্ষায়: বার্লি ভেজানো জল বা বার্লি ওয়াশ কিডনি ও প্রস্রাবের ইনফেকশন দূর করতে এবং শরীরের টক্সিন বের করে দিতে সাহায্য করে।

পুষ্টির ভাণ্ডার: এতে ভিটামিন বি-কমপ্লেক্স, আয়রন, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ উপাদান থাকে।

কয়েকটি বিষয় জেনে নিন

কোন বার্লি কিনবেন: বাজারে সাধারণত ‘পার্ল বার্লি’ বেশি পাওয়া যায়। তবে ওজন কমানোর জন্য সবথেকে ভালো হলো ‘হালড বার্লি’, কারণ এতে সবটুকু ফাইবার ও পুষ্টি বজায় থাকে।

কীভাবে খাবেন: ভাতের মতো সেদ্ধ করে খেতে পারেন, সবজি দিয়ে খিচুড়ি রান্না করতে পারেন, অথবা স্যালাড আপ স্যুপেও মেশাতে পারেন।

সতর্কতা: বার্লিতে গ্লুটেন থাকে। তাই যদি সিলিয়াক ডিজিজ বা গ্লুটেন অ্যালার্জি থাকে, তবে এটি এড়িয়ে চলাই ভালো।

Barley benefits Barley Chia Water
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy