Advertisement
E-Paper

মাংসের মেটে থেকে লাল চাল! ৪১-এও রোনাল্ডো এত ফিট কী ভাবে? ডায়েটের রহস্য ফাঁস রাঁধুনীর

বিশ্বখ্যাত ফুটবলার মানেই কেতাদুরস্ত, নামীদামি খাবারে ভরা থাকে তাঁর পাত— এমন ধারণা রয়েছে অনেকের। আর সেটিকেই নস্যাৎ করে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রাক্তন রাঁধুনী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, রোনাল্ডো কী কী খেয়ে এখনও এত ফিট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৮:১৩
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফিটনেসের রহস্য।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফিটনেসের রহস্য। ছবি: সংগৃহীত।

পর্তুগালের অন্যতম সেরা ফুটবলার এবং সৌদি আরবের আল নাসের ক্লাবের অধিনায়ক। কে বলবে, বয়স ৪০-এর কোঠাও পেরিয়ে গিয়েছে! গোটা বিশ্বের কাছে তাঁর ফিটনেস আশ্চর্যের সমান। সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খাদ্যাভ্যাসের কথা প্রকাশ করলেন তাঁর প্রাক্তন রাঁধুনী জর্জিয়ো বারোনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, রোনাল্ডো কী কী খেয়ে এখনও এত ফিট।

বিশ্বখ্যাত ফুটবলার মানেই কেতাদুরস্ত, নামীদামি খাবারে ভরা থাকে তাঁর পাত— এমন ধারণা রয়েছে অনেকের। আর সেটিকেই নস্যাৎ করে দিলেন জর্জিয়ো। তারকা ফুটবলারের ফিটনেসের ৬০ শতাংশ অধিকার করে রয়েছে তাঁর ডায়েট, বাকি ৪০ শতাংশ নির্ভর করে শরীরচর্চার উপর। রোনাল্ডোর ফিটনেসের রহস্যের মূলে রয়েছে সাদামাঠা ঘরোয়া খাবার আর নিয়ম মেনে চলার তাগিদ। রন্ধনশিল্পীর কথায়, ‘‘জটিলতা নয়, নিয়ম মেনে চলাই রোনাল্ডোর ফিটনেসের মূলমন্ত্র।’’ চল্লিশ পেরিয়েও তাঁর শরীর, শক্তি আর পারফরম্যান্স এখনও শীর্ষ পর্যায়ে। আর এর পিছনে শুধু জিম নয়, বরং কঠোর ডায়েট আর শৃঙ্খলাবদ্ধ যাপনই সবচেয়ে বড় কারণ, এমনই জানালেন তাঁর প্রাক্তন রাঁধুনী।

কোন কোন খাবার পছন্দ রোনাল্ডোর?

কোন কোন খাবার পছন্দ রোনাল্ডোর? ছবি: সংগৃহীত

প্রক্রিয়াজাত বা প্যাকেটজাত খাবারের বদলে টাটকা সব্জি, ফল খেতে পছন্দ করেন রোনাল্ডো। যেমন, অ্যাভোকাডো, ডিম, টাটকা সব্জি, চর্বিহীন প্রোটিন (মাছ ও মাংস), কালো বা লাল চালের ভাত। তার সঙ্গে অলিভ অয়েল, লেবু মিশিয়ে খাবার খাওয়ার অভ্যাস রয়েছে তাঁর। এতে খাবারের স্বাদবৃদ্ধি হয়। তা ছাড়া রোনাল্ডোর পাতে মাংসের মেটে থাকা চাই-ই চাই। জর্জিয়ো জানালেন, এই খাবারটি ফুটবলারের কাছে ‘সুপারফুড’-এর সমান।

Advertisement

যখন যেমন প্রশিক্ষণ থাকে, তেমন ভাবেই তাঁর খাদ্যাভ্যাস বদলে যায়। বেশি ক্ষণ অনুশীলন করতে হলে অনেকখানি খাবারও খান তিনি। শরীরের যখন যেমন খাবারের চাহিদা, সেটি মিটিয়ে দিতেই পছন্দ করেন রোনাল্ডো। কোনও দিনও তাঁকে ক্যালোরি গুনে গুনে খেতে দেখেননি জর্জিয়ো।

রোনাল্ডোর ডায়েট যতটা সহজ ও সরল, নিয়ম ততটাই আঁটোসাঁটো। জীবন থেকে চিনিকে পুরোপুরি বাদ দিয়ে ফেলেছেন ক্রিশ্চিয়ানো। এমনকি কফিতেও চিনি মেশান না তিনি। জর্জিয়োর কথায়, ‘‘চিনি আমাদের স্বাস্থ্যের শত্রু!’’ কেবল চিনি নয়, রোনাল্ডোর পাতে জায়গা পায় না প্যাকেটজাত খাবার, জাঙ্ক ফু়ড, চিনি মিশ্রিত বা সোডাজাতীয় পানীয়। ময়দা মেশানো খাবার যেমন পাস্তা বা পাউরুটিও তিনি খান না। নৈশভোজ সেরে ফেলেন আগেভাগেই। ঘুম ও বিশ্রামকে অত্যন্ত প্রাধান্য দেন তিনি। রাত জেগে ভিডিয়ো গেম খেলা, পার্টি করা ইত্যাদির প্রতি আসক্তি নেই রোনাল্ডোর। ঘড়ি ধরে সমস্ত কাজ সেরে ফেলেন তিনি। একটি দিনও নিয়মভঙ্গ করেন না। তাই ‘চিট ডে’-র কোনও জায়গা নেই রোনাল্ডোর জীবনে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy