বয়সকালে এসে প্রেম মানে কেবল লাল গোলাপ বা উপহারের আদান-প্রদান নয়, এ প্রেম অনেকটা বিকেলের নরম রোদের মতো শান্ত, গভীর এবং স্নিগ্ধ। এই সময়ে হাতে হাত রেখে চলা মানে একে অপরের ভরসা হয়ে ওঠা। এ প্রেম হল একে অপরের ওষুধের নীল-সাদা পাতাগুলো গুছিয়ে রাখা, চশমাটা খুঁজে দেওয়া, আর সুগার বেড়ে যাওয়ার ভয়ে প্রিয় মানুষটির প্লেট থেকে সন্তর্পণে মিষ্টির টুকরোটা সরিয়ে নেওয়া। এ বারের প্রেম দিবসে গোলাপের গুচ্ছ না হয় না-ই বা থাকল, যত্নে বানানো মিষ্টিতেই সাজিয়ে দিন ভালবাসার মানুষটির থালা।
ওট্স-আমন্ড কেক
ময়দা এবং চিনির বদলে ওট্স এবং কাঠবাদাম দিয়েও বানিয়ে ফেলা যায় কেক। উপকরণ:
এক কাপ ওট্স
আধ কাপ কাঠবাদামের গুঁড়ো
২টি ডিম
৩-৪টি খেজুর
১ চামচ বেকিং পাউডার
১ চামচ ভ্যানিলা এসেন্স
২ চামচ অলিভ অয়েল বা মাখন
ওট্স-কাঠবাদামের কেক। ছবি: ফ্রিপিক।
প্রণালী
প্রথমে একটি পাত্রে ডিম, গুঁড়িয়ে নেওয়া ওট্স, কাঠবাদামের গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন। তাতে বেকিং পাউডার মেশান। ধীরে ধীরে তেল বা মাখন এবং ভ্যানিলা এসেন্স মিশিয়ে একটি মিহি মিশ্রণ তৈরি করুন। খেজুরের বীজ বার করে ছোট ছোট টুকরো করে কেটে তাতে দিয়ে দিন। চিনি ছাড়া খেজুরেই মিষ্টি হবে কেক। বেকিং টিনে সামান্য তেল মাখিয়ে মিশ্রণটি ঢালুন। ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অভেনে ২৫-৩০ মিনিট বেক করুন। উপরে সামান্য দারচিনির গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন।
আপেল-কাঠবাদামের রাবড়ি
উপকরণ:
৫০০ মিলিলিটার দুধ
১ কাপ খোসা ছাড়ানো কুচিয়ে নেওয়া আপেল
আধ কাপের মতো আখরোট ও কাঠবাদামের কুচি
আধ চামচ এলাচ গুঁড়ো
চিনি ছাড়াই রাবড়ি। ছবি: ফ্রিপিক।
আরও পড়ুন:
প্রণালী
মাঝারি আঁচে দুধ ঘন করে জ্বাল দিয়ে নিন। এ বার এতে কুচিয়ে রাখা আপেলগুলি দিয়ে দিন। আপেল সেদ্ধ হয়ে দুধের সঙ্গে মিশে গেলে তাতে এলাচের গুঁড়ো মেশান। খুব ঘন হয়ে এলে নামিয়ে নিন। উপরে আখরোট ও কাঠবাদামের কুচি ছড়িয়ে দিন।
নোনতা সুজির পায়েস
উপকরণ:
২ কাপ সুজি
২ চামচ ঘি
আধ কাপের মতো নানা রকম সব্জি, যেমন গাজর, বিন, মটরশুঁটি, ক্যাপসিকাম
২ চামচ চিনেবাদাম বা কুচোনো কাঠবাদাম
২ চামচ টক দই
২ থেকে আড়াই কাপ জল
ফোড়নের জন্য
১ চামচ কালো সর্ষে, কারিপাতা ও ১টি শুকনো লঙ্কা
প্রণালী:
প্রথমে একটি প্যানে সামান্য তেল বা ঘি গরম করে বাদামগুলি ভেজে তুলে রাখুন। সামান্য ঘি দিয়ে তাতে সুজিও ভেজে নিন। এ বার বাকি তেলেই সর্ষে, শুকনো লঙ্কা ও কারিপাতা ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে সব্জিগুলি দিয়ে সামান্য নুন দিয়ে হালকা করে ভেজে নিন। সব্জি ভাজা হয়ে গেলে তাতে জল দিন। ফুটতে শুরু করলে তাতে ফেটানো টক দই মিশিয়ে দিন। এতে মিশ্রণটি দুধের মতো ঘন হবে। এ বার আগে থেকে ভেজে রাখা সুজি খুব ধীরে ধীরে প্যানে ঢালুন এবং নাড়তে থাকুন। সুজি পুরোপুরি শুকিয়ে ফেলবেন না। নরম হলেই উপরে ভাজা বাদাম ছড়িয়ে নামিয়ে নিন।