Advertisement
E-Paper

‘এ বার আমি একটু ভয়ই পেয়েছি’! সিস্ট ফিরে আসার পরে জানালেন ক্যানসার-যোদ্ধা দীপিকা কক্কড়

সম্প্রতি একট ব্লগে দীপিকা কক্কড় জানিয়েছেন, এখন তাঁর ক্যানসার মোকাবিলার চিকিৎসা আরও জোরদার গতিতে চলছে। কিন্তু তার পরেও তিনি স্বাভাবিক হতে পারছেন না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ১৪:৩০
ক্যানসারকে এ বার ভয় পেলেন দীপিকা কক্কড়!

ক্যানসারকে এ বার ভয় পেলেন দীপিকা কক্কড়! ছবি: সংগৃহীত।

এক বছর ধরে লিভারের ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী দীপিকা কক্কড়। সেই কঠিন সফরের নানা সমস্যার কথা ভাগ করে নিচ্ছেন ব্লগিংয়ের মাধ্যমে। সম্প্রতি তেমনই এক ব্লগে দীপিকা জানিয়েছেন, গত মার্চেই লিভারের সিস্ট ফিরে এসেছে তাঁর। আর তার পর থেকেই তিনি একটু বেশিই ভয় পেয়ে গিয়েছেন। তার জেরে ছেলে রুহানের সঙ্গেও বেশি সময় কাটাতে পারছেন না।

গত বছরই দীপিকার লিভারে টেনিস বলের আকারের একটি সিস্ট ধরা পড়ে। সেই সিস্ট ছিল ক্যানসারপ্রবণ। অস্ত্রোপচার করা সেই সিস্ট-সহ লিভারের কিছু অংশ (প্রায় ২২ শতাংশ) বাদ দিতে হয় দীপিকার। তার পরেও চলছিল চিকিৎসা। এর মধ্যেই মার্চ মাসে লিভারে ক্যানসারপ্রবণ সিস্ট ফিরে আসে। প্রায় ১.৩ সেন্টিমিটারের সেই সিস্টও অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছে গত মার্চেই। আর তার পর থেকেই আতঙ্কে রয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি একট ব্লগে তিনি জানিয়েছেন, এখন তাঁর ক্যানসার মোকাবিলার চিকিৎসা আরও জোরদার গতিতে চলছে। কিন্তু তার পরেও তিনি স্বাভাবিক হতে পারছেন না। ক্যানসারের এই ফিরে আসা তাঁর ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে তীব্র প্রভাব ফেলেছে। দীপিকা বলেছেন, ‘‘এত অল্প সময়ে ক্যানসারের ফিরে আসা আমার অন্তঃস্থল পর্যন্ত নাড়িয়ে দিয়েছে। এখন আমার ভয় করতে শুরু করেছে। বার বার মনে হচ্ছে, আবার যেন এটা না হয়। আমি সে জন্য খাবারদাবার ভেবেচিন্তে খেতে শুরু করেছি। তার পরেও আতঙ্ক যাচ্ছে না, উদ্বেগ কাটছে না। আমি বুঝতে পারছি, আমার আশপাশের প্রত্যেকটা মানুষ একই রকম উদ্বিগ্ন হয়ে আছেন।’’

Advertisement

ক্যানসারের যোদ্ধাদের ক্ষেত্রে ভয় একটি মারাত্মক সমস্যা। চিকিৎসকেরা বলেন, এই রোগে মনের জোরই সবচেয়ে বড় ওষুধ। উল্টো দিকে মারণরোগের সঙ্গে যুদ্ধে আঘাতও লাগে। মনের উপর সেই আঘাতের প্রভাব পড়ে সবচেয়ে বেশি। দীপিকার ক্ষেত্রেও তা-ই হয়েছে। ব্লগে তিনি বলেছেন, ‘‘আমার জন্য আমার শাশুড়ি, আমার মা চিন্তায় রয়েছেন আমি জানি। শোয়েবেরও অনেক কাজ আটকে আছে। কিন্তু ওরা আমাকে কিচ্ছু বুঝতে দেন না। অসুস্থতার জন্য আমার ছোট্ট ছেলেটার সঙ্গেও সময় কাটাতে পারি না বেশি। ও হয়তো আসতে চাইছে, তখন আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি। আবার ওর সঙ্গে যখন থাকি, তখন নিজের অসুস্থতা আর ওর সঙ্গে আমার ভবিষ্যতের চিন্তা ঘুরতে শুরু করে মাথায়।’’

তবে এর মধ্যেও লড়াকু মানসিকতা ছাড়েননি দীপিকা। অভিনেত্রী জানিয়েছেন, তিনি সেই সমস্ত ক্যানসার যোদ্ধাদের সঙ্গে কথা বলেছেন, যাঁদের ক্যানসার এ ভাবে ফিরে এসেছিল। বন্ধুদের সঙ্গেও কথা বলছেন। এ ছাড়া পরিবার আগলে রেখেছে তাঁকে। চিকিৎসকেরাও সাহায্য করছেন। সব মিলিয়ে দ্বিতীয়বারের সিস্ট অপারেশনের পরে ভয় পেলেও আবার উঠে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে শুরু করেছেন দীপিকা, যা ক্যানসারের রোগীর জন্য সবচেয়ে বেশি জরুরি।

cancer recurrence Dipika Kakar Cancer Care Cancer Risk Liver Cancer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy