Advertisement
E-Paper

কিডনির রোগের তিন লক্ষণ বাসা বাঁধে নিঃশব্দে, এড়িয়ে গেলেই বিপদ

কিডনির রোগ বাসা বাঁধে নিঃশব্দে। কেবল ঘন ঘন প্রস্রাবের বেগ মানেই তা কিডনির অসুখের লক্ষণ, এমন না-ও হতে পারে। কিডনির রোগের কিছু উপসর্গ ত্বক ও চোখেও ফুটে ওঠে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৯:৫৫
কিডনির রোগের কী কী লক্ষণ খেয়াল করতে হবে?

কিডনির রোগের কী কী লক্ষণ খেয়াল করতে হবে? ছবি: ফ্রিপিক।

কিডনির রোগ নিয়ে চিন্তা বাড়ছে। কিডনির ক্রনিক অসুখে আক্রান্ত হচ্ছেন কমবয়সিরাই। কিডনিতে পাথর জমার সমস্যা প্রায় ঘরে ঘরে। তার উপরে কিডনিতে সংক্রমণ, পলিসিস্টিক কিডনির অসুখেও আক্রান্ত হচ্ছেন অনেকে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর সমীক্ষা জানাচ্ছে, ২০১১ সাল থেকে ২০২৩ সাল অবধি কালপর্বে দেখা গিয়েছে, দেশে কিডনির রোগে আক্রান্তের সংখ্যা ১১.১২ শতাংশ থেকে বেড়ে ১৬.৩৮ শতাংশ হয়েছে। আক্রান্তদের তালিকায় শিশুরাও রয়েছে।

কিডনির রোগের এমন কিছু লক্ষণ দেখা দেয়, যা বোঝা যায় না সহজে। কিন্তু এই উপসর্গগুলি এড়িয়ে গেলেই বিপদ। কিডনির রোগের এমন কিছু লক্ষণ আছে, যা দেখা দেয় চোখে ও ত্বকেও।

কোন কোন লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ?

চোখের চারপাশে ফোলা ভাব

সকালে ঘুম থেকে উঠে যদি দেখেন চোখের নীচের অংশ অস্বাভাবিক ফুলে আছে এবং ফোলা ভাব কমছে না, তবে বুঝতে হবে কিডনি দিয়ে প্রোটিন বেরিয়ে যাচ্ছে। এটি কিডনি রোগের প্রাথমিক লক্ষণ।

ঝাপসা দৃষ্টি

কিডনি রোগের কারণে রক্তচাপের হেরফের হতে পারে। রক্তচাপ যদি বাড়ে, তা হলে চোখের রক্তনালিগুলি ছিঁড়ে যেতে পারে। এর রেশ পড়বে রেটিনাতেও। এর থেকে রেটিনোপ্যাথি হওয়ার আশঙ্কা বাড়বে। এই রোগে চোখের রক্তনালিগুলি থেকে রক্তক্ষরণ হয়, ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হতে শুরু করে।

শুষ্ক ত্বক, চুলকানি

কিডনির সমস্যা থাকলে ত্বকে ফুসকুড়ি, র‌্যাশ, চুলকানির মতো সমস্যা হতে পারে। বাতাসে অত্যধিক আর্দ্রতা শুষ্ক ত্বকের একমাত্র কারণ নয়। শুষ্ক এবং রুক্ষ ত্বক কিডনির সমস্যার লক্ষণ হতে পারে। কিডনি সঠিক ভাবে কাজ না করার ফলে ত্বকের ঘর্মগ্রন্থি বন্ধ হয়ে যেতে পারে। ফলে টক্সিন জমে থেকে ত্বক শুকিয়ে যায়। তাই হঠাৎ যদি ত্বক শুষ্ক ও খসখসে দেখায় তা হলেও সতর্ক হতে হবে।

শ্বাসকষ্ট ও বুকে ব্যথা

কিডনি বিকল হলে ফুসফুসে জল জমতে শুরু করে। শ্বাস নিতে কষ্ট হয়। রক্তে টক্সিনের মাত্রা বেড়ে গিয়ে হার্টে প্রদাহ হতে পারে। ফলে বুকে ব্যথা বাড়ে।

Kidney Disease Kidney Failure
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy