Advertisement
E-Paper

ক্যানসার, হৃদ্‌রোগ থেকে পেটের অসুখের ঝুঁকি! শরীরের কথা ভেবে রান্নাঘরে ৫টি জিনিস ঢোকানো বন্ধ করুন

চিকিৎসকদের মতে, হেঁশেলে এমন কিছু জিনিস ও খাবার আছে, যা অজান্তেই শরীর দুর্বল করে দিচ্ছে। শরীরের কথা ভেবে হেঁশেলে কোন ৫ জিনিস আর ঢোকানোই উচিত নয়, রইল সেই তালিকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩১
হেঁশেলে কোন ৫টি জিনিস ঢোকালেই বাড়ছে হাজারটা রোগের ঝুঁকি।

হেঁশেলে কোন ৫টি জিনিস ঢোকালেই বাড়ছে হাজারটা রোগের ঝুঁকি। ছবি: সংগৃহীত।

বড় বা জটিল রোগ নেই। অথচ খুচরো অসুখ লেগেই আছে বাড়িতে। কারও জ্বর তো কারও পেটখারাপ, কেউ হজমের সমস্যায় ভুগছেন তো কারও যখন তখন সর্দিকাশি। এ সবই স্পষ্ট ইঙ্গিত করছে দুর্বল রোগ প্রতিরোধ শক্তির দিকে। চিকিৎসকদের মতে, হেঁশেলে এমন কিছু জিনিস ও খাবার আছে, যা অজান্তেই শরীর দুর্বল করে দিচ্ছে। শরীরের কথা ভেবে হেঁশেলের কোন ৫ জিনিস আর ঢোকানোই উচিত নয়, রইল সেই তালিকা।

১) প্যাকেটজাত এবং ‘রেডি টু ইট ফুড’: ব্যস্ত জীবনে অনেক সময়েই কাজ থেকে বা়ড়ি ফিরে রান্না করতে ইচ্ছে করে না। তখন অনেকেই ‘প্রি কুক্‌ড মিল’ বা ‘রেডি টু ইট ফুড’-এর উপর ভরসা রাখেন। খালি গরম করে নিলেই খাবার তৈরি। আগে থেকে তৈরি এই খাবারগুলিতে থাকে উচ্চ মাত্রায় সোডিয়াম, রাসায়নিক, কৃত্রিম স্বাদবৃদ্ধির উপাদান এবং স্টেবিলাইজ়ার। এই সব ক’টি উপাদানই পাকস্থলীর উপর চাপ ফেলে, শরীরে খিদে তৈরির হরমোনগুলির ভারসাম্য নষ্ট করে। নিয়মিত এই সব খাবার খেলে শরীরে প্রদাহের ঝুঁকি বাড়ে, সেই সঙ্গে বাড়ে ক্যানসারের সম্ভাবনাও।

২) চিনি: এতে রয়েছে প্রভূত পরিমাণে ক্যালোরি। স্বাস্থ্যগুণ প্রায় শূন্য। চিনি রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি থেকে শুরু করে ইনসুলিনের কার্যক্ষমতাও কমিয়ে দিতে পারে। অতিরিক্ত চিনি শরীরে মেদ বৃদ্ধির কারণ। পেটের সমস্যার জন্যও চিনিকে দায়ী করা যেতে পারে। ডায়েটে অতিরিক্ত চিনি রাখলে লিভার খারাপ হয় সেই সঙ্গে হরমোনেরও তারতম্য ঘটে। তাই চিনি হেঁশেলে না ঢোকানোই ভাল। বদলে স্টিভিয়া একটি স্বাস্থ্যকর বিকল্প হতে পারে।

৩) খারাপ মানের চকোলেট: বাজারে হরেক প্রকার চকোলেট পাওয়া যায়। তবে পুষ্টিবিদেরা কোকো ফ্লেভার্‌ড সুগার ব্লকগুলি কেনার আগে সতর্ক থাকতে বলেন। সস্তার নিম্নমানের চকোলেটে ভেজিটেবিল ফ্যাট, রাসায়নিক, ইমালসিফায়ার মেশানো থাকে। এই উপকরণগুলি হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায়, শরীরে প্রদাহ তৈরি করে, ত্বকের সমস্যাও কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাই এই ধরনের চকোলেট হেঁশেলের ফ্রিজে না রাখাই ভাল। চকোলেট কেনার আগে উপকরণগুলি দেখে নেওয়াই উচিত।

৪) প্লাস্টিকের চপিং বোর্ড: এ ধরনের বোর্ডে কিছু কাটাকুটি করলেই তার সঙ্গে মাইক্রোপ্লাস্টিক নির্গত হয়। গবেষণায় দেখা গিয়েছে যে, এই কণাগুলি খাবারের সঙ্গে শরীরে মিশে যেতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে মাইক্রোপ্লাস্টিক অন্ত্রে খারাপ ব্যাক্টেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে, হরমোনের ভারসাম্য বিঘ্নিত করে এবং শরীরে প্রদাহ সৃষ্টি করে। এর সঙ্গে ক্যানসারেরও যোগ করেছে। তাই এই ধরনের চপিং বোর্ড ফেলে দিয়ে কাঠ বা বাঁশের বোর্ড ব্যবহার করুন।

৫) রিফাইন্‌ড ভেজিটেবিল অয়েল: এই ধরনের তেল অত্যধিক মাত্রায় প্রক্রিয়াজাত, রাসায়নিক ভাবে নিষ্কাশিত এবং এর ধূমাঙ্কও বেশি। এগুলিতে প্রদাহ সৃষ্টিকারী ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড থাকে, যা অন্ত্রের স্বাস্থ্যের ক্ষতি করে, গ্যাসের সমস্যা বৃদ্ধি করে এবং ক্রনিক রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। এগুলির বদলে দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য কোল্ড প্রেস অয়েল অনেক বেশি নিরাপদ।

Kitchen Tips Heart Attack Risk
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy