Advertisement
E-Paper

জলে ধুয়েই কামড়? ফল খাওয়ার ভুলে নানা রোগের ঝুঁকি দেখা দিতে পারে! সতর্কতা জারি সংস্থার

ফল ও সব্জির সঙ্গে সঙ্গে তার গায়ে থাকা কাগজের স্টিকারও পেটে চলে যায়। শুধু কি কাগজ? সঙ্গে আঠা, কালি, আরও কত কী যে শরীরের ভিতরে চলে যাচ্ছে, সে দিকে মনই দেন না অনেকে। আর এখানেই বড় ভুল হয়ে যাচ্ছে। কী ভাবে ফল খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৫:৫৭
কোন নিয়মে ফল খাওয়া উচিত?

কোন নিয়মে ফল খাওয়া উচিত? ছবি: সংগৃহীত।

ফল কিনে জলে ধুয়েই কামড় দিয়ে ফেলেন অনেকে। ফল বা সব্জির গায়ে সাঁটানো ছোট্ট স্টিকার চোখ এড়িয়ে যায় প্রায়শই। ফলে ফল ও সব্জির সঙ্গে সঙ্গে সেই কাগজের টুকরোও পেটে চলে যায়। শুধু কি কাগজ? সঙ্গে আঠা, কালি, আরও কত কী যে শরীরের ভিতরে চলে যাচ্ছে, সে দিকে মনই দেন না অনেকে। আর এখানেই বড় ভুল হয়ে যাচ্ছে। সম্প্রতি কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা ও নিয়ামক সংস্থা (দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা এফএসএসএআই) এই অভ্যাস নিয়ে সতর্কবার্তা দিয়েছে। কেন এই সতর্কতা, আর ঠিক কী ভাবে ফল-সব্জি পরিষ্কার করে খাওয়া উচিত, তা জেনে নেওয়া উচিত সকলেরই।

ফলের গায়ে থাকা স্টিকার কেন ক্ষতিকারক?

ফল বা সব্জির উপর থাকা স্টিকার আসলে শুধু লেবেলিংয়ের জন্য ব্যবহার করা হয়। এতে থাকে আঠা, কালি ও নানা রাসায়নিক উপাদান, যা খাওয়ার জন্য উপযুক্ত নয়। এই স্টিকারের আঠা ফলের খোসার উপর লেগে থাকে এবং তা শরীরে গেলে সমস্যা তৈরি করতে পারে। পেট বা গলায় অস্বস্তি হতে পারে, বমি ভাব বা হজমের সমস্যা দেখা দিতে পারে, শিশু বা বয়স্কদের ক্ষেত্রে শ্বাসরোধের ঝুঁকিও থাকতে পারে। যদিও অল্প পরিমাণে খেয়ে ফেললে সব সময়ে গুরুতর ক্ষতি হয় না, তবু নিয়মিত এমন হলে শরীরে অপ্রয়োজনীয় রাসায়নিক জমতে পারে।

ফল কী ভাবে খাওয়া উচিত?

ওই লেবেল রাখা হয় খাবারটির গুণমান বোঝানোর জন্য। কিন্তু ওই লেবেলটি খাওয়ার যোগ্য নয়। তাই ফল খাওয়ার আগে লেবেলটি পুরোপুরি সরিয়ে নিয়ে তবেই ফল বা সব্জি খাওয়ার পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা ও নিয়ামক সংস্থা। অনেকেই ভাবেন, জল দিয়ে ধুলেই সব ঠিক হয়ে যায়। কিন্তু বিষয়টা এত সহজ নয়। স্টিকারের আঠা অনেক সময়ে ধোয়ার পরেও পুরোপুরি উঠে যায় না। উপরন্তু, ফলের উপর থাকা মোমের স্তর বা রাসায়নিকের সঙ্গে এই আঠা আটকে থাকতে পারে। তাই শুধু জলে ধোয়া নয়, স্টিকার তুলে খোসা ছাড়ানোই বেশি নিরাপদ।

Fruits Washing Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy