খাবার খাওয়ার ভুল কিন্তু ওজন বাড়ার অন্যতম কারণ। আপনি হয়তো ভাবছেন, নিয়ম মেনে শরীরচর্চা করছেন, ডায়েট মানছেন, তা-ও ওজন কমছে না কেন। আসলে কড়া ডায়েট মানতে মানতে জিভে অরুচি আসেই। মন তখন অন্য কিছুর স্বাদ চায়। টুকটাক খিদে মেটাতে প্রায়ই হাত চলে যায় চিপ্স, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, পিৎজ়ার দিকে। একটু-আধটু খেলে ওজন বাড়বে না ভেবে খেয়েই ফেলেন এ সব। আর ভুলটা হয় এখানেই। কারণ সিদ্ধ খাবারের পরে ভাজাভুজির স্বাদ পেলে খাওয়ার পরিমাণটা খেয়াল থাকে না বেশির ভাগেরই। ফলে ক্যালোরিও বাড়তে থাকে পাল্লা দিয়ে। যাঁরা একটু স্বাস্থ্য সচেতন, ওজন কমানোর চেষ্টা করছেন, তাঁদের বিশেষ করে খেয়াল রাখা উচিত এই দিকে। খুচরো খিদে মেটাতে স্ন্যাক্সের তালিকায় কী কী রাখতে পারেন, সেটা জেনে রাখা ভাল।
চিয়া পুডিং
অর্ধেক কাপ দুধে এক চামচ চিয়া বীজ মিশিয়ে নিন। চিনির বদলে ব্যবহার করুন খেজুর। চামচ দিয়ে ভাল করে নেড়ে দিন মিশ্রণটি। এটিই হল চিয়া পুডিং। এ বার এটি তুলে রাখুন ফ্রিজে। আগের দিন রাতে পুডিং বানিয়ে ফ্রিজে রেখে দিলে পরের দিন দেখবেন তা জমে গিয়েছে। এর উপরে ফল ছড়িয়েও খেতে পারেন।
পালং-মেথি মুঠিয়া
গুজরাতি খাবারটি ভাপিয়ে রান্না করা হয়। এর জন্য লাগে বেসন, আটা, কুচনো পালং শাক ও মেথি শাক, আদা-কাঁচালঙ্কা বাটা, সামান্য দই ও লেবুর রস। সব উপকরণ ভাল করে মেখে গোল গোল বা লম্বাটে রোলের মতো করে গড়ে নিতে হবে। এ বার এই রোলগুলি ভাপিয়ে নিন। ঠান্ডা হলে ছোট টুকরো করে কেটে নিন। প্যানে সামান্য তেল দিয়ে তাতে সর্ষে, কারিপাতা ফোড়ন দিয়ে টুকরোগুলি হালকা করে ভেজে নিন।
আরও পড়ুন:
কালো ছোলার চাট
প্রাতরাশে কিংবা সন্ধের টিফিনে কালো ছোলার চাট বানিয়ে খেতে পারেন। ১০০ গ্রাম কালো ছোলায় ১০ গ্রামের বেশি ডায়েটারি ফাইবার থাকে। ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। শুধু ডায়াবিটিস নয়, ছোলা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। শশা কুচি, টম্যাটো, পেঁয়াজ দিয়ে কালো ছোলার চাট মন্দ লাগবে না খেতে।
মিক্সড ফ্রুট স্যালাড
একটি পাত্রে আপেল কুচি, বেদানা, স্ট্রবেরি কুচি একসঙ্গে নিন। এতে তরমুজ, কলাও দিতে পারেন। এ বার ফলের মিশ্রণে ফেটানো দই, চাটমশলা, গোলমরিচের গুঁড়ো, মধু ভাল করে মিশিয়ে নিন তাতে। ক্রিম ছাড়াই তৈরি হয়ে যাবে ফলের স্যালাড।