Advertisement
E-Paper

হট চকোলেটেও ওজন বাড়বে না, নিশ্চিন্তে খেতে পারবে ছোটরাও! স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে ফেলুন

এক কাপ গরম কোকো পানীয় মানেই তাতে একগাদা চকোলেট নয়। হট চকোলেট বানানো যায় স্বাস্থ্যকর উপায়েও। সে ভাবে বানালে ওজন বাড়বে না, ক্যালোরির পারদও চড়বে না। ছোটদেরও নিশ্চিন্তে খাওয়াতে পারবেন হট চকোলেট। মনও ভারবে, স্বাস্থ্যও বজায় থাকবে। শিখে নিন স্বাস্থ্যকর উপায়ে হট চকোলেট তৈরির কিছু রেসিপি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৩
How to make healthy hot chocolates at home

হট চকোলেট বানান স্বাস্থ্যকর উপায়ে, রইল কিছু রেসিপি। ছবি: ফ্রিপিক।

হট চকোলেট কে না পছন্দ করে! এক কাপ ধোঁয়া ওঠা গরম কোকো পানীয়ে চুমুক দিলেই মেজাজ হয় ফুরফুরে। কিন্তু ঘন দুধ, চিনি, কনডেন্স্‌ড মিল্ক, কোকোর মিশ্রণে তৈরি পানীয়টি খেলে ওজন বাড়বে ভেবে অনেকেই ভয়ে পিছিয়ে আসেন। কিন্তু যদি স্বাস্থ্যকর উপায়ে পানীয়টি তৈরি করা যায়, তা হলে ক্যালোরি বেড়ে যাওয়ার ভয় থাকবে না। শুধু জেনে নিতে হবে সঠিক পদ্ধতি। কনডেন্স্‌ড মিল্কের জায়গায় স্বচ্ছন্দে ব্যবহার করতে পারেন কাঠবাদামের দুধ, চিনির বিকল্প হতে পারে খেজুর, আবার মিল্ক চকোলেটের বদলে ডার্ক চকোলেট দিলে পানীয়টি পুষ্টিকরও হবে।

এক কাপ হট চকোলেট নিমেষে মন ভাল করে দিতে পারে। মন ভাল রাখে যে এনডরফিন হরমোন, তার ক্ষরণ বাড়িয়ে তুলতে সাহায্য করে এই চকোলেট। কাজেই স্বাস্থ্যকর উপায়ে কী ভাবে এটি তৈরি করবেন, জেনে নিন।

ক্লাসিক হেলদি হট কোকো

এই পানীয়টি ডার্ক চকোলেট দিয়ে তৈরি করা যায়। এক কাপ কাঠবাদামের দুধ, ২ টুকরো ডার্ক চকোলেট, সামান্য দারচিনির গুঁড়ো নিলেই হবে। দুধ ফুটিয়ে তাতে ডার্ক চকোলেট মিশিয়ে দিন। স্বাদ বৃদ্ধি করতে মধু বা স্টিভিয়া দিতে পারেন। মধু দিয়ে না চাইলে খেজুর বেটেও দিতে পারেন। নামানোর আগে সামান্য দারচিনির গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। এই পানীয়টি খেতে ভাল এবং ওজন কমাতেও সাহায্য করবে।

ওট্‌স হট চকোলেট

ছোটদের জন্য এই পানীয়টি উপকারী। অনেক ক্ষণ পেট ভর্তি রাখবে এবং ফাইবারের চাহিদাও মেটাবে। এটি বানাতে লাগবে এক কাপ লো-ফ্যাট দুধ। অথবা সয়া মিল্কও নিতে পারেন। তার সঙ্গে ১ চামচ ওট্‌স গুঁড়িয়ে নেওয়া, ১ চামচ কোকো পাউডার, ৩টে খেজুর বীজ ছাড়িয়ে নিতে হবে। দুধ, ওট্‌স, কোকো পাউডার ও খেজুর একসঙ্গে ব্লেন্ড করে নিন। তা ছাড়া দুধে ওট্‌স, কোকো পাউডার ও খেজুর দিয়ে ফোটাতেও পারেন। ঘন করে জ্বাল দিতে হবে। নামিয়ে উপরে কয়েক টুকরো ডার্ক চকোলেট ছড়িয়ে দিতে হবে।

নারকেলের দুধ ও ভ্যানিলা হট চকোলেট

এক কাপ নারকেলের দুধ, ১ চামচ কোকো পাউডার, ৩-৪টি ডার্ক চকোলেটের টুকরো, কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স নিতে হবে। সব উপকরণ মিশিয়ে হালকা আঁচে গরম করুন। মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে নিন। এর সঙ্গে মধুও মেশাতে পারেন। দুধে যাঁদের অ্যালার্জি, তাঁরা এই ভাবে হট চকোলেট বানিয়ে খেতে পারেন।

পিনাট বাটার হট চকোলেট

প্রোটিন সমৃদ্ধ এই পানীয় ওজন কমাতে সহায়ক। ছোটরাও খেতে পারে। এক কাপ কাঠবাদামের দুধ বা লো-ফ্যাট মিল্ক নিন। তাতে এক চামচ পিনাট বাটার, ১ চামচ কোকো পাউডার মিশিয়ে ফুটিয়ে নিন। কোনও চিনি দেওয়ার দরকার নেই। এই পানীয়টি শরীরচর্চার পরে খেলেও উপকার হবে।

Hot Chocolate Healthy Desserts Recipes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy