Advertisement
E-Paper

গরমে এক চুমুক দিলেই আরাম! আইসড টি-এর বদলে জবাফুলের স্বাদে ভরা ক্যাফিনমুক্ত চা খান

গরমের সময়ে জবাফুল দিয়ে বানানো চা খেলে একাধিক উপকারিতা মিলবে। তবে গরম নয়, ঠান্ডা চা বা আইসড টি বানিয়ে খেতে পারেন সহজেই। কী ভাবে বানাবেন শিখে নিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৭:৪৬
জবাফুলের স্বাদে ভরা ঠান্ডা পানীয়।

জবাফুলের স্বাদে ভরা ঠান্ডা পানীয়। ছবি: সংগৃহীত।

অপরাজিতা, ক্যামোমাইল, গোলাপ, জুঁই— নানাবিধ ফুলের চা এখন শোভা পায় ক্যাফে থেকে রাস্তার দোকানেও। কেউ বিশেষ ভাবে তৈরি চা পাতা কিনে বাড়িতেও বানিয়ে নেন, কেউ বা টি ব্যাগের উপর নির্ভর করেন। এই ফুলগুলির তালিকায় উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলমল করে জবাফুলও। গরমের সময়ে বিশেষ করে এই ফুল দিয়ে বানানো চা খেলে একাধিক উপকারিতা মিলবে।

জবার গুণে স্বাস্থ্যরক্ষা করুন এই গরমে।

জবার গুণে স্বাস্থ্যরক্ষা করুন এই গরমে। ছবি: সংগৃহীত

তবে গরম নয়, ঠান্ডা চা বা আইসড টি বানিয়ে খেতে পারেন সহজেই। বাড়িতেই বানানো যায়, যদি ঘরে থাকে জবাফুলের গাছ। বা অন্য কোনও জায়গা থেকে জবাফুল সংগ্রহ করে এনে শুকিয়ে রাখতে হবে কেবল। তাতেই বানিয়ে নেওয়া যাবে এই পানীয়।

কী এর উপকারিতা?

জবাফুলে রয়েছে একাধিক উদ্ভিজ্জ যৌগ। জবায় বানানো চায়ে ভর্তি থাকে অ্যান্টি-অক্সিড্যান্ট ও প্রদাহনাশী গুণ। আর এটি এমন এক চা, যাতে কোনও ক্যাফিন থাকে না। তাই ক্যাফিন এড়াতে চাইলে এর থেকে ভাল আর কী-ই বা হয়! যে ভাবে এই চা বানানো হয়, তাতে এতে পটাশিয়াম, ক্যালশিয়াম এবং ভিটামিন সি-ও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। সেই সঙ্গে এই চা পান করলে গরমের সময়ে জলশূন্যতার ঝুঁকি কমে যাবে।

উপকরণ

২ টেবিল চামচ শুকনো জবাফুল

৩ কাপ জল

১ টেবিল চামচ লেবুর রস

১ টেবিল চামচ মধু (না-ও দিতে পারেন)

৪-৫টি পুদিনাপাতা

বরফের টুকরো

কী ভাবে বানাবেন এই চা?

· জল ফুটতে দিন

· শুকনো জবাফুল জলের মধ্যে ঢেলে দিন

· ঢিমে আঁচে ৫ মিনিট ফুটিয়ে নিন

· গ্যাস বন্ধ করে ১০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন

· চা ছেঁকে নিয়ে ঠান্ডা করুন

· লেবুর রস ও মধু মিশিয়ে দিন

· আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন

· ঠান্ডা করে তাতে বরফের টুকরো আর পুদিনাপাতা মিশিয়ে খেয়ে নিন

এ ছাড়াও জবার চায়ে মেশাতে পারেন বেদানার রস, তাতে অ্যান্টি-অক্সিড্যান্ট বাড়বে। অল্প আদা থেঁতো করে মিশিয়ে দিলে হালকা ঝাঁঝালো স্বাদও আসবে। চা ফোটানোর সময়ে ছোট দারচিনি টুকরোও মিশিয়ে দিতে পারেন। ফাইবারের জন্য কেউ কেউ চিয়া বীজও ঢেলে দিতে পারেন। আরও পুষ্টিকর বানাতে কয়েকটি স্ট্রবেরি বা ব্লুবেরি মিশিয়ে পান করতে পারেন।

Hibiscus Tea Hibiscus benefits
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy