কঠিন বা জটিল নয়। দরকার ধৈর্য এবং ধারাবাহিকতার। এক সময় অনুরাগীদের বুকে ঝড় তোলা ‘মার্ডার’-এর নায়িকা মল্লিকা শেরাওয়াত জানালেন, এটাই তাঁর ফিটনেসের মন্ত্র। পঞ্চাশ ছুঁই ছুঁই নায়িকার শরীরী বিভঙ্গ এখনও নজর কাড়ে। তলপেটে এতটুকু মেদ নেই। বয়সও বোঝার উপায় নেই।
তা কি কঠোর ডায়েট বা শরীরচর্চার ফল? অভিনেত্রীর দাবি, কঠিন কিছু নয়। এমন চেহারা তিনি পেয়েছেন চেষ্টায়। নিয়ম করে যোগাভ্যাস করেছেন। সেই ছবিও সম্প্রতি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। লিখেছেন, ‘‘ভাগ্যের জোরে নয়, সহজ কোনও রাস্তাতেও নয়। আমি এই শরীর তৈরি করেছি দীর্ঘ অনুশীলনে। ক্রমাগত অভ্যাসে। যে কেউ তা তৈরি করতে পারেন।’’ পাশাপাশি প্রশ্নও তুলেছেন অভিনেত্রী, ‘‘কঠিন কোনটি, শুরু করা, না কি তা ধরে রাখা?’’
আরও পড়ুন:
অনেক সময়েই সুন্দর চেহারার আকর্ষণে শরীরচর্চা শুরু করেন অনেকেই। কিন্তু কিছু দিন যেতে না যেতেই হাল ছেড়ে দেন। কমে যায় উদ্যম। মল্লিকা স্পষ্ট করেছেন, ‘‘কঠোর অনুশীলনের দরকার নেই, কিন্তু দুম করে ছেড়ে দিলে হবে না। বরং লেগে থাকতে হবে লক্ষ্যপূরণের জন্য।’’
অতীতে বেশ কিছু সাক্ষাৎকারে তাঁর উদ্ভিজ্জ খাবার খাওয়া এবং যোগাভ্যাসের কথা জানিয়েছিলেন অভিনেত্রী। তিনি ভিগান খাদ্যাভ্যাসে অভ্যস্ত এখন। প্রাণিজ খাবার ছুঁয়েও দেখেন না। তাঁর রোজকার খাদ্যতালিকায় থাকে স্যালাড, ফল, গ্রিন থাই কারি। আম এবং ঢেঁড়স তাঁর পছন্দের ফল এবং সব্জি।