Advertisement
E-Paper

নাতনির জন্য স্বাস্থ্যকর এক বিশেষ খাবার বানালেন নীনা গুপ্তা, কী ভাবে তা বানাবেন শিখে নিন

নাতনির জন্য অভিনেত্রী নীনা গুপ্তা বানালেন হান্ডভো। কী এই খাবার, কী ভাবেই বা তা বানায়?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৮:৩৬
নাতনির জন্য গুজরাতি খাবার বানালেন নীনা গুপ্ত। কী এই হান্ডভো?

নাতনির জন্য গুজরাতি খাবার বানালেন নীনা গুপ্ত। কী এই হান্ডভো? ছবি: সংগৃহীত।

বয়সকে তুড়ি মেরে তিনি আজও নবীনা। অভিনয় দক্ষতা, সাজপোশাকের জন্য বরাবরই প্রচারের আলোয় থাকেন। সেই নীনা গুপ্তাকেই এবার দেখা গেল অন্য মেজাজে। বলিউড অভিনেত্রী কিন্তু নিজের ঘরে স্নেহশীল ঠাকুরমা, যিনি নাতনির আবদার রাখেন, তার স্বাস্থ্যের কথা ভাবেন, তার জন্য রান্নাও করেন।

নীনার কন্যা মাসাবা। তাঁর মেয়ে মাতারা। নাতনির জন্য গুজরাতের এক বিশেষ খাবার তৈরি করলেন নীনা। তবে তাতে রইল তাঁর নিজস্ব ছোঁয়া। ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজে নীনার অভিনয় প্রশংসা পেয়েছে। সেখানে তাঁকে দেখা গিয়েছে লাউয়ের নানা পদ বানাতে।

তবে বাড়িতেও নীনা নানা রকম রান্না করেন। মাঝেমধ্যেই তাঁর ঝলক ভাগ করে নেন সমাজমাধ্যমে। এবার তিনি বানিয়েছেন গুজরাতি হান্ডভো। তিনি বানিয়েছেন চিলার মতো। আবার অনেকে একে প্যানকেকও বলেন। চাল-ডাল বেটে তৈরি করা হয়। নানা রকম সব্জিও যোগ করা হয় এতে। কম তেলে রান্না হয়, সব্জিও থাকে ভরপুর। ফলে এই খাবার স্বাদে যেমন ভাল, তেমনই স্বাস্থ্যকর। নানা ভাবেই এই খাবারটি বানানো যায়। তবে নীনা যে কায়দায় বানিয়েছেন, সেটি শিখে নিন।

Advertisement
নীনা নাতনির জন্য বানালেন গুজরাতি খান্ডভো, তাঁর নিজস্ব রন্ধনশৈলীতে।

নীনা নাতনির জন্য বানালেন গুজরাতি খান্ডভো, তাঁর নিজস্ব রন্ধনশৈলীতে। ছবি:ইনস্টাগ্রাম।

চালের সঙ্গে মুসুর, মুগ এবং অড়হর ডাল ভিজিয়ে রাখতে হবে। রাতে ভেজালেই ভাল। সব উপকরণ ভাল করে মিক্সারে ঘুরিয়ে তার মধ্যে যোগ করতে হবে গ্রেট করে (মিহি করে কুচনো) নেওয়া লাউ, গাজর, ক্যাপসিকাম, কাঁচালঙ্কা, পেঁয়াজ। ছোটদের জন্য তৈরি করলে কাঁচালঙ্কার পরিমাণ কম দিতে পারেন। যোগ করুন টক দই।

কড়াইয়ে তেল বা ঘি দিয়ে কারিপাতা, সর্ষে ফোড়ন দিতে হবে। দেওয়া যায় সাদা তিলও। ফোড়ন মিশ্রণে মিশিয়ে নিন। তার পরে প্যান বা কড়াইয়ে তেল দিয়ে চিলার মতো ভেজে নিন।

নীনার কথায় এটা পেট ভরা খাবার হিসাবেই খাওয়া যায়। কারণ, চাল, ডাল, সব্জি, দই— সবই রয়েছে একটি খাবারে। এককথায় পুষ্টিকর সুষম আহার।

তবে নীনা এমন কায়দায় বানালেও, গুজরাতি এই প্যানকেক একটু মোটা ধরনের হয়, ঠিক চিলার মতো দেখায় না। খান্ডভো বানানোর সময় মিশ্রণটি ফোলানোর জন্য ফ্রুট সল্ট বা বেকিং সোডারও ব্যবহার হয়। তা ছাড়া ফোড়নে সাদা তিল থাকে। কড়াইয়ে সাদা তিল, কারিপাতা, সর্ষে ফোড়ন দিয়ে তার উপরেই মোটা করে মিশ্রণটি ঢেলে দেওয়া হয়। আঁচ কমিয়ে সেটি রান্না করা হয়।

Neena Gupta
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy