চিংড়ি খেতে ভালবাসেন না এমন বাঙালি কমই আছেন। সারা সপ্তাহের বাজারে আর কোনও মাছ আসুক না আসুক চিংড়ি আসবেই। মোচা হোক বা এঁচোড়, পুঁইশাক হোক বা পোলাও— একটু চিংড়ি পড়লে সেই রান্নার স্বাদ হয়ে যায় অতুলনীয়। চিংড়ি দিয়ে নানা রকম পদই রেঁধে ফেলা যায়, পরের বার বাড়িতে চিংড়ি এলে বানিয়ে ফেলুন মধুক্ষীরা। রইল রেসিপি।
উপকরণ:
৫০০ গ্রাম চাপড়া চিংড়ি
১টি নারকেল
১ টেবিল চামচ হলুদগুঁড়ো
স্বাদ মতো নুন
১ টেবিল চামচ আদা-রসুনবাটা
৩ টেবিল চামচ পেঁয়াজবাটা
গোটা গরমমশলা (২টি এলাচ, এক টুকরো দারচিনি, ৩-৪টি লবঙ্গ)
৫-৬টি কাঠবাদাম
১ টেবিল চামচ চারমগজ
৮-১০টি কিশমিশ
১টি টম্যাটো
৫-৬টি কাঁচালঙ্কা
১ টেবিল চামচ মধু
১ চা চামচ গরম মশলাগুঁড়ো
প্রণালী:
প্রথমে অর্ধেকটা নারকেল বেটে নিয়ে দুধ বার করে নিন। আর অর্ধেকটা নারকেল কুচিয়ে নিন। নারকেলকুচি, কাঠবাদাম, চারমগজ, কিশমিশ, কাঁচালঙ্কা আর টম্যাটোকুচি মিক্সিতে বেটে একটি মিশ্রণ বানিয়ে নিন। এ বার নুন-হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলি হালকা করে ভেজে নিন। এ বার সেই তেলেই গোটা গরম মশলা ফোড়ন দিন। পেঁয়াজবাটা, আদা-রসুন বাটা দিয়ে ভাল করে ভেজে নিন। এ বার বানিয়ে রাখা নারকেলের মিশ্রণ দিয়ে আরও খানিক ক্ষণ নাড়াচাড়া করুন। হলুদ, নুন দিয়ে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে নারকেলের দুধ মিশিয়ে দিন। ঝোল ফুটে উঠলে মধু আর গরমমশলাগুঁড়ো দিয়ে দিন। ভেজে রাখা মাছগুলি দিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রাখুন। গরম গরম ভাত, পোলাও বা বাঙালি কায়দায় বানানো ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করুন চিংড়ির মধুক্ষীরা।