Advertisement
E-Paper

ক্যানসার আক্রান্তদের জন্য টিকা তৈরি করল রাশিয়া, এক ডোজ়েই টিউমার কোষ ধ্বংস হবে বলে দাবি

টি কোভিড টিকা বা হালের এইচপিভি প্রতিষেধকের মতো প্রতিরোধ গড়ে তুলবে না। এই টিকা দেওয়া হবে ক্যানসার আক্রান্ত হওয়ার পর। রাশিয়ার তৈরি ক্যানসারের টিকা কতটা সাফল্যের মুখ দেখল?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১১:৩৮
New cancer vaccine Enteromix developed in Russia

ক্যানসার রোগীদের জন্য টিকা আনছে রাশিয়া। ছবি: ফ্রিপিক।

রোগের প্রতিরোধ গড়ে তোলার জন্য টিকা নয়। এই প্রথম বার এমন টিকা তৈরি করেছে বলে রাশিয়ার দাবি, যা দেওয়া হবে রোগাক্রান্তদেরই। রোগ ধরা পড়ার পরেই শুরু হবে এর কাজ। রাশিয়ার তৈরি ক্যানসারের টিকা ‘এন্টেরোমিক্স’ এ ভাবেই কাজ করবে। যে কোনও ধরনের ক্যানসার নিরাময় করার উদ্দেশ্যেই এই টিকা তৈরি করা হয়েছে বলে দাবি রাশিয়ার। টিকার প্রাথমিক পর্যায়ের ট্রায়ালের রিপোর্টও প্রকাশ করা হয়েছে। তবে সেই টিকা কোভিড বা হালের এইচপিভি ভ্যাকসিনের মতো নয়। রোগ সারানোর দাওয়াইয়ের মতো ব্যবহার করা হবে এটিকে।

রাশিয়ার 'ফেডারেল মেডিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি' জানিয়েছে, তারা এমন এক ওষুধ তৈরি করে ফেলেছে যা ক্যানসারের বিরুদ্ধে লড়াই করতে পারবে। সেটি টিকার মতোই দেওয়া হবে। তবে রোগে আক্রান্ত হওয়ার আগে নয়,পরে। টিকাটি পরীক্ষামূলক ভাবে মানুষের শরীরে প্রয়োগ করা হচ্ছে বলেও জানা গিয়েছে।

প্রাথমিক পর্যায়ে ৫০ থেকে ১০০ জন ক্যানসার রোগীর শরীরে টিকাটি দেওয়া হয়েছে। আর তাতেই দেখা গিয়েছে, টিকার প্রয়োগে টিউমার কোষের বাড়বৃদ্ধি বন্ধ হয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়াও তেমন ভাবে নেই।

কী এই প্রতিষেধক?

‘এন্টেরোমিক্স’ প্রতিরোধমূলক টিকা নয়। একে বলা হয় ‘থেরাপিউটিক ভ্যাকসিন’। সাধারণ টিকা রোগ এড়াতে সুস্থ মানুষকে দেওয়া হয়। এমন টিকা রোগ নির্ণয়ের পরে চিকিৎসা হিসেবে দেওয়া হয়। এটি শরীরকে নির্দিষ্ট রোগ সৃষ্টিকারী কোষ বা জীবাণু চিনতে সাহায্য করে এবং সেগুলিকে ধ্বংস করতে শরীরেরই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তোলে। অর্থাৎ, অনেকটা ইমিউনোথেরাপির মতো। শরীরের নিজস্ব প্রতিরোধ ব্যবস্থাকে জাগিয়ে তুলে রোগমুক্তির চেষ্টা। ‘এন্টেরোমিক্স’ টিকাটি তাঁদেরই দেওয়া হবে, যাঁদের শরীরে ক্যানসার কোষ ডালপালা মেলেছে। আর এর কাজ হবে গজিয়ে ওঠা টিউমার কোষগুলিকে নষ্ট করে ফেলা।

চার ধরনের ভাইরাসের নমুনা নিয়ে ‘এন্টেরোমিক্স’ টিকা বানিয়েছে রাশিয়া। গবেষণাগারে ভাইরাসের নমুনাগুলিকে বিশুদ্ধ করে তা দিয়ে টিকা তৈরি হয়েছে বলে দাবি করা হয়েছে। ওই ভাইরাসগুলি কম ক্ষতিকারক, তবে শরীরে ঢুকলে ক্যানসার কোষের দফারফা করতে পারবে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের দাবি, টিকাটি ত্বকের সবচেয়ে বিপজ্জনক ক্যানসার মেলানোমার ঝুঁকি কমাতে পারবে। তা ছাড়া অগ্ন্যাশয়, কিডনি, কোলন ও ফুসফুসের ক্যানসার থেকেও সুরক্ষা দিতে পারবে।

টিকাটি তৈরি হয়েছে ‘মেসেঞ্জার আরএনএ’প্রযুক্তির উপর ভিত্তি করে। মেসেঞ্জার আরএনএ প্রযুক্তিতে তৈরি প্রতিষেধকটি শরীরে ঢুকে শরীরেরই রোগ প্রতিরোধী কোষগুলিকে (ইমিউন কোষ) সক্রিয় করে তুলবে। ফলে বি-লিম্ফোসাইট কোষ প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করে ক্যানসার কোষের বাড়বৃদ্ধি বন্ধ করবে। এই ভাবেই কাজ করবে প্রতিষেধকটি।

রুশ টিকা কবে বাজারে মুখ দেখাবে, তা এখনও জানা নেই। আপাতত টিকাটি কতটা নিরাপদ তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। আলোচনাও। সব ঠিক থাকলে হয়তো সর্বগুণসম্পন্ন রুশ টিকা শীঘ্রই বাজারে চলে আসতে পারে।

Cancer Vaccine Cancer Risk cancer awareness
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy