Advertisement
E-Paper

হার্ট অ্যাটাক থেকে বাঁচাতে পারে পলিফেনল! কী সেটি? হার্ভার্ডের গবেষণায় উঠে এল নতুন কিছু তথ্য

পলিফেনল আছে, এমন খাবার বেশি করে খেলে হৃদ্‌রোগের ঝুঁকি কমবে। এমনটাই দাবি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। কিন্তু এই পলিফেনল জিনিসটি আসলে কী, কোন কাজে লাগে, তা জেনে নেওয়া জরুরি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৭:০০
New Study claims polyphenol-rich foods help the heart

চিরচেনা কোন কোন খাবারে থাকে পলিফেনল? ছবি: ফ্রিপিক।

কী খেলে ভাল থাকবে হার্ট, সে নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলছেন, প্রোটিন কম খান। কারও মত ঠেসে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড খেলে হার্ট তো ভাল থাকবেই, খারাপ কোলেস্টেরল পালাবার পথ পাবে না। কেউ কেউ আবার হার্টের জন্য ভিটামিন ডি ও কে আছে এমন খাবার খাওয়ার কথা বলেন। কিন্তু ক’জনকে বলতে শুনেছেন, হার্ট চাঙ্গা রাখতে পলিফেনল খান! এই নামটিই প্রায় অপরিচিত অনেকের কাছেই। কী কাজে লাগে, তা-ও জানা নেই। কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করছেন, একমাত্র পলিফেনল খেলেই হৃদ্‌রোগ ঠেকিয়ে রাখা যাবে বহু দিন। যখন তখন হার্ট অ্যাটাকের ভয়ও থাকবে না।

‘বিএমসি মেডিসিন’ নামক জার্নালে পনিফেনলের ঠিকুজি-কোষ্ঠী লিখে ফেলেছেন হার্ভার্ডের গবেষকেরা। সহজ কথা বললে, পলিফেনল হল উদ্ভিজ্জ খাবারের মধ্যে থাকা এক প্রকারের মাইক্রো-নিউট্রিয়েন্ট বা জৈব যৌগ। গাছপালা নিজেদের রোদ, পোকামাকড় থেকে বাঁচাতে এই যৌগটি তৈরি করে। সেই গাছের ফল বা পাতা যখন খাওয়া হয়, তখন পলিফেনল শরীরে ঢুকে পড়ে এবং মানবশরীরে ঢুকেই সেটি অ্যান্টি-অক্সিড্যান্টের ভূমিকা পালন করে। তখন এর কাজ হয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমানো, অতিরিক্ত প্রদাহ নাশ করা ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা।

পলিফেনলের আরও কিছু ভূমিকা রয়েছে। এরা শরীরে ঢুকে রক্তনালির ভিতরের আস্তরণ বা এন্ডোথেলিয়ামকে নমনীয় রাখে। এই এন্ডোথেলিয়ামের কাজ হল পুষ্টিরস বহন করা, রক্তচাপ নিয়ন্ত্রণ, রক্ত জমাট বাঁধতে বাধা দেওয়া। অর্থাৎ, রক্তের স্বাভাবিক চলাচলে সাহায্য করাই এর কাজ। আর সেই কাজে সহায়ক হয়ে ওঠে পলিফেনল। এটি রক্তনালিতে মজুত থাকলে, সেখানে চর্বির ডেলা জমে রক্ত জমাট বাঁধতে পারে না। হৃদ্পিণ্ডের মাঝে 'করোনারি আর্টারি' নামে দু'টি ছোট ছোট ধমনী থাকে। এরাই হৃদ্পিণ্ডকে সচল রাখতে সাহায্য করে বা হৃদ্পিণ্ডকে পুষ্টির জোগান দেয়। কোনও কারণে এই করোনারি আর্টারি যদি ব্লক হয়ে যায়, তা হলে যে এলাকায় ওই ধমনী রক্তের পুষ্টি পৌঁছে দেয় সে জায়গার হৃদ্‌পেশি কাজ করে না। রক্ত জমাট বেঁধে আরও বিপত্তি ঘটে। তখনই হার্ট অ্যাটাক হয়। পলিফেনল এই প্রক্রিয়াটিকে সুস্থ ভাবে সম্পন্ন হতে দেয়।

এখন কথা হল, পলিফেনল ঠিক কোন কোন খাবার থেকে পাওয়া যেতে পারে। হার্ভার্ডের গবেষকেরা চিরচেনা কিছু খাবারেই এর উপস্থিতি খুঁজে পেয়েছেন। যেমন, গাছের পাতা। চা ও গ্রিন টি-এর মধ্যে পলিফেনল থাকে। আবার খোসাযুক্ত দানাশস্য ও নানা রকম বীজে এটি পাওয়া যায়। ফলের মধ্যে বেরি জাতীয় ফল, যেমন কালোজাম, ব্লুবেরি, স্ট্রবেরিতে পাওয়া যায়, লেবু, কমালেবু ও আঙুরের মতো সাইট্রাস যুক্ত ফলে থাকে, চেরি ও ডালিমে প্রচুর পরিমাণে পলিফেনল থাকে। চিপরিচিত আমলকি হল পলিফেনলের ভান্ডার। আবার তিল, তিসি, হলুদেও পলিফেনল থাকে। কাজেই, এ সব খাবার খেলে হার্ট ভাল থাকতে বাধ্য।

Heart Health Heart Attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy