Advertisement
E-Paper

বাণিজ্য জাহাজে মার্কিন হামলায় মৃত দুই ভারতীয় নাবিক, নিখোঁজ এক! হামলার পর আগুন লাগার ভিডিয়ো প্রকাশ্যে

সংবাদ প্রতিবেদন অনুসারে, গত ১০ জুন হামলা করা হয় ভারতের এই ট্যাঙ্কারটিতে। হামলার কিছু ক্ষণ পর তোলা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জাহাজের ডেকের একাংশ আগুনে পুড়ছে এবং নাবিকরা আতঙ্কে চিৎকার করছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জুন ২০২৬ ১০:৫০

মার্কিন রকেট আছড়ে পড়তেই প্রবল বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে ওমানের উপকূলে থাকা ‘সেত্তেবেলো’ নামের ট্যাঙ্কারটিতে। মার্কিন বাহিনীর হামলায় তেলের ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার পর নিখোঁজ হওয়া দুই ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফরওয়ার্ড সিমেনস ইউনিয়ন অফ ইন্ডিয়া এফএসইউআই। ট্যাঙ্কারে হামলার পর সেখানকার ভয়াবহ পরিস্থিতির বেশ কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োয় দেখা গিয়েছে দাউদাউ করে জ্বলছে জাহাজের ডেকের একাংশ। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদ প্রতিবেদন অনুসারে, গত ১০ জুন হামলা করা হয় ভারতের এই ট্যাঙ্কারটিতে। হামলার কিছু ক্ষণ পরেই তোলা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জাহাজের ডেকের একাংশ আগুনে পুড়ছে এবং নাবিকরা আতঙ্কে চিৎকার করছেন। হামলায় জাহাজে থাকা ২৪ জন ভারতীয় নাবিকের মধ্যে ২১ জনকে উদ্ধার করা হয়। আদিত্য শর্মা ও শিবানন্দ চৌরাসিয়া নামের দুই নাবিকের মৃত্যু হয়েছে বলে সংবাদমাধ্যমসূত্রে খবর। ট্যাঙ্কারের চিফ ইঞ্জিনিয়ার পাটনালা সুরেশ এখনও নিখোঁজ।

ওমানের উপকূলে বাণিজ্যিক জাহাজ সেত্তেবেলোর উপর মার্কিন নৌবাহিনীর হামলার ঘটনায় কড়া নিন্দা করেছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, “এই অঞ্চলে নৌযানের ওপর হামলার একের পর এক ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এটি এই অঞ্চলে চলমান সংঘাতের প্রত্যক্ষ ফল। আমরা অবিলম্বে উত্তেজনা প্রশমন এবং একটি কূটনৈতিক সমাধানসূত্র খোঁজার আলোচনা শেষ করার জন্য একাধিক বার আহ্বান জানিয়েছি, যাতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসতে পারে।” অন্য দিকে ৮ জুন মার্কিন বাহিনী তেলবাহী ট্যাঙ্কার ‘মারিভেক্স’-কে অচল করার জন্য এর ইঞ্জিনরুমে গুলি চালায়। এর ফলে জাহাজটিতে আগুন লেগে যায়। ওমানের নৌবাহিনী ট্যাঙ্কারে থাকা ২৪ জন ভারতীয় নাবিককে উদ্ধার করে।

Oil Tanker Oman US Navy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy