ঢেকুরের জ্বালায় অস্থির? রাস্তাঘাটে, বাসে, অফিসে জরুরি মিটিংয়ের সময়ে সশব্দে ঢেকুর উঠলে রীতিমতো অস্বস্তিতেই পড়তে হয়। ভারী কিছু খেলে ফেললে এক-আধ বার ঢেকুর উঠতেই পারে। কিন্তু তা যদি সব সময়ের সঙ্গী হয়ে যায় এবং ঘন ঘন ঢেকুর উঠতে থাকে, তা হলে চিন্তার ব্যাপার!
চিকিৎসকদের মতে, বার বার ঢেকুর তোলার সমস্যাকে চিকিৎসার পরিভাষায় বলা হয় এয়ারোফেজিয়া। খাবার পরিপাকের সঙ্গে যুক্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া হল ঢেকুর তোলা। যা কোনও দিক থেকেই ক্ষতিকর নয়। তবে সকালে ঘুম থেকে ওঠার পর পেটে সামান্য জল প্রবেশ করা মাত্রই ঢেকুর তোলার অভ্যাস কিন্তু স্বাভাবিক না’ও হতে পারে। চিকিৎসকেরা বলছেন, কোনও ব্যক্তি সারা দিনে কত বার ঢেকুর তুলবেন, তা নির্ভর করে ওই ব্যক্তির হজম করার ক্ষমতা এবং খাওয়াদাওয়ার অভ্যাসের উপর।
রোজের একটি সাধারণ অভ্যাসের কারণেও ঢেকুরের সমস্যা বাড়তে পারে। অফিস, রাস্তাঘাটে তো বটেই, অনেকে বাড়িতে খেতে বসেও বোতল থেকেই ঢকঢক করে জল খান। বোতল থেকে জল খাওয়ার সময় জলের সঙ্গে সঙ্গে হাওয়াও পেটে ঢোকে। আর সেই কারণেই সমস্যা আরও বেড়ে যায়। ঢেকুরের সমস্যা কমাতে হলে বোতল থেকে নয়, গ্লাস থেকে চুমুক দিয়ে জল খাওয়ার অভ্যাস করতে হবে। তা হলেই ঢেকুরের সমস্যা থেকে খানিকটা হলেও রেহাই পাওয়া যাবে।
ঢেকুরের সমস্যা কমাতে প্রয়োজন প্রতি দিনের খাবার নিয়ে ভাবনা ও নিয়মিত শরীরচর্চা
১. অল্প অল্প করে খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। দু’ঘণ্টা অন্তর হালকা কিছু খাবার খেতে পারলে এই ধরনের সমস্যা হবে না। ভারী খাবার খেলেই বেশি ঢেকুর ওঠে।
২. কী ধরনের খাবার থেকে হজমের সমস্যা হয়, তা বুঝতে পারলে, সেই ধরনের খাবার এড়িয়ে চলুন।
৩. এ ছাড়া উদ্বেগ, অবসাদ বা মানসিক চাপ থেকেও এই ধরনের সমস্যা হতে পারে। তাই নিয়মিত মেডিটেশন, শরীরচর্চা করতে পারলে ভাল।