Advertisement
E-Paper

মেলোনিকে মেলোডি উপহার মোদীর! চকোলেট নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের শিশুসুলভ আচরণে মজল নেটপাড়া, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। একটি মেলোডি চকোলেটের প্যাকেট ধরে রেখেছেন দু’জনে। দু’জনেই হাসছেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৩:৪৫
Video shows Indian PM Narendra Modi gifts Italian PM Meloni a packet of Melody chocolate, internet applauds

ছবি: এক্স থেকে নেওয়া।

ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে এক প্যাকেট মেলোডি চকোলেট উপহার দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তাঁর পাঁচ দেশ সফরের শেষ পর্ব রোম পরিদর্শনের সময় মেলোনিকে ওই উপহার দেন মোদী। চকোলেট উপহার পেয়ে ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি হালকা মেজাজের ভিডিয়ো পোস্ট করেন ইটালির প্রধানমন্ত্রী। সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন মোদী এবং মেলোনি। একটি মেলোডি চকোলেটের প্যাকেট ধরে রেখেছেন দু’জনে। দু’জনেই হাসছেন। ভিডিয়োয় মেলোনিকে বলতে শোনা যায়, ‘‘প্রধানমন্ত্রী মোদী উপহার হিসাবে এনেছেন একটি খুব, খুব ভাল টফি— মেলোডি।’’ এর পর দু’জনেই আবার হেসে ওঠেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি পোস্ট করা হয়েছে মেলোনিরই এক্স হ্যান্ডল থেকে। ভিডিয়োটি শেয়ার করে মোদীর উদ্দেশে মেলোনি লিখেছেন, ‘উপহারটির জন্য ধন্যবাদ।’ ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকেই যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই দুই দেশের প্রধানের ওই রকম শিশুসুলভ আচরণের প্রশংসা করেছেন অনেকে। নেটাগরিকদের একাংশ মন্তব্য করেছেন, আক্ষরিক অর্থেই এর চেয়ে মিষ্টি আর কিছু হতে পারে না।

তবে মেলোনিকে মোদীর মেলোডি উপহার দেওয়াকে নিছক কাকতালীয় মনে করছেন না নেটাগরিকদের একাংশ। সমাজমাধ্যমে ‘#মেলোডি’র শব্দের সূত্রপাত প্রায় তিন বছর আগে। মোদী এবং মেলোনির পদবি মিলিয়ে তৈরি এই বাক্যাংশটি প্রথম ব্যাপক জনপ্রিয়তা পায় ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত সিওপি২৮ শীর্ষ সম্মেলনের সময়। সেই সময় মেলোনি ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে একটি নিজস্বী পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, “সিওপি২৮-এ ভাল বন্ধু #মেলোডি।” সেই একটি পোস্টই অনলাইনে মিমের বন্যা বয়ে গিয়েছিল। এর পর ভারত ও ইটালির নেটাগরিকেরা দুই রাষ্ট্রপ্রধানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে মজাও করতে শুরু করেন নেটমাধ্যমে। ‘মেলোডি’কে নিজস্ব একটি ভাইরাল সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডে পরিণত করেন। এ বার সেই মেলোডি টফিই মেলোনিকে উপহার দিলেন মোদী। নেটাগরিকদের অনেকেরই দাবি, প্রধানমন্ত্রী মোদী যদি সত্যিই ইচ্ছা করে মেলোনিকে ওই উপহার দিয়ে থাকেন তা হলে তাঁর হাস্যরস এবং কৌতূকবোধ অসামান্য।

Viral Video PM Modi Giorgia Meloni
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy