Advertisement
E-Paper

চিবোলেই মুখের ক্যানসার সারবে! ‘ম্যাজিক’ করবে চিউইং গাম, নতুন আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের

চিউইং গাম চিবোলেই সারবে মুখ ও গলার ক্যানসার? তেমনই দাবি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। এটি যেমন তেমন গাম নয়। বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা চিউইং গাম, যা লালায় মিশলেই ক্যানসার কোষ ধ্বংস করবে বলে দাবি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১২:৫২
Scientists have developed a bioengineered chewing gum that can fight against oral cancer

মুখের ক্যানসার সারাবে চিউইং গাম, নতুন আবিষ্কার বিজ্ঞানীদের। ফাইল চিত্র।

চিউইং গাম আর কেবল মুখশুদ্ধির কাজ করবে না, তা ক্যানসারও সারাতে পারবে। আর যে সে ক্যানসার নয়, যে ধরনের মারণ রোগ নিয়ে গোটা বিশ্বের গবেষকেরা চিন্তিত, সেই মুখগহ্বরের ক্যানসার বা ওরাল ক্যানসার এবং হেড অ্যান্ড নেক স্কোয়ামাস সেল কার্সিনোমা বা মুখ-গলা-ঘাড়ের ক্যানসার নিরাময় করতে পারবে এমন চিউইং গাম তৈরি করে ফেলার দাবি করেছেন বিজ্ঞানীরা। শুধু চিবোলেই হবে। তাতেই ধ্বংস হবে ক্যানসার কোষ। পালাবার পথ পাবে না লালায় মিশে থাকা ক্ষতিকর সব ভাইরাস।

চিউইং গাম চিবিয়ে ক্যানসারের চিকিৎসা করার পদ্ধতিটি নতুন, তাই গবেষণাটি নিয়ে যথেষ্ট কৌতুহল তৈরি হয়েছে। ওষুধ নয়, ইঞ্জেকশন নয়, কোনও রেডিয়োথেরাপির পদ্ধতি নয়, শুধু চিউইং গাম চিবোলেই ‘ম্যাজিক’ হবে। এমনই দাবি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ স্কুল অফ ডেন্টাল মেডিসিনের গবেষক হেনরি ড্যানিয়েল ও তাঁর সতীর্থদের। তাঁরাই জৈব প্রযুক্তিতে নানা রকম উদ্ভিজ্জ প্রোটিন মিশিয়ে তৈরি করেছেন চিউইং গামটি, যার ক্যানসার ধ্বংস করার ক্ষমতা আছে বলে দাবি করা হয়েছে। হেনরিকে এ কাজে সাহায্য করছেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েক জন গবেষকও। ‘সায়েন্টিফিক রিপোর্ট’ জার্নালে এই গবেষণার খবর প্রকাশিত হয়েছে।

মুখগহ্বরের ক্যানসার বা গলা-ঘাড়ের ক্যানসারের জন্য দায়ী নানা রকম ভাইরাস। মূলত তিন রকম ভাইরাস লালায় বাসা বাঁধলে তা থেকে ক্যানসার হতে পারে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি), পরফাইরোমোনাস জিঞ্জিয়ালিস এবং ফিউসোব্যাক্টেরিয়াম নিউক্লিয়েটাম— এই তিন প্রকার ভাইরাসই যত নষ্টের গোড়া। এরা লালায় মিশে থাকে ও সেখান থেকে খাদ্যনালি ও শ্বাসনালির মাধ্যমে গলায় গিয়ে পৌঁছোয় এবং গোটা অঞ্চলটি বিষিয়ে তোলে। ফলে সেখানকার কোষগুলির অস্বাভাবিক ও অনিয়মিত বৃদ্ধি ও বিভাজন শুরু হয়ে যায়, যা ক্যানসারের রূপ নেয়। তাই ক্যানসার কোষের বাড়বৃদ্ধি থামাতে হলে ভাইরাসগুলিকে ধ্বংস করা প্রয়োজন। বায়োমেডিক্যাল চিউইং গামটি সে কাজই করবে বলে দাবি করা হয়েছে।

গামটি তৈরি হয়েছে উদ্ভিজ্জ প্রোটিন দিয়ে। গবেষক হেনরি জনিয়েছেন, ‘এফআরআইএল’ নামে এক ধরনের প্রোটিন মেশানো হয়েছে চিউইং গামটিতে যার ক্যানসার কোষ ধ্বংস করার ক্ষমতা আছে। পাশাপাশি, ভাইরাসের দৌরাত্ম্য বন্ধ করতে এতে মেশানো হয়েছে 'প্রোটেগ্রিন' নামক একটি অ্যান্টি-মাইক্রোবিয়াল পেপটাইড। এটি কেবল মাত্র মুখগহ্বরে থাকা ক্ষতিকর ভাইরাস ও ব্যাক্টেরিয়াগুলিকে আক্রমণ করে নষ্ট করতে পারে। ওরাল বা হেড অ্যান্ড নেক ক্যানসারে আক্রান্তদের লালার নমুনা নিয়ে পরীক্ষা করে দেখা গিয়েছে, চিউইং গামটিতে থাকা প্রোটিনগুলি ক্যানসারের প্রকোপ কমিয়ে দিতে পারে প্রায় ৯৩ শতাংশ। শুধু ভাইরাস নয়, মুখের ভিতরে যে কোনও ছত্রাকের সংক্রমণ প্রতিরোধেও সেগুলি কার্যকরী হতে পারে।

ক্যানসার রোগীদের চিউইং গামটি খাইয়ে তার কার্যকারিতা দেখা হচ্ছে। গবেষকেরা জানিয়েছেন, সব ঠিক থাকলে আগামী দিনে কেবল মুখের ক্যানসারের চিকিৎসাতেই নয়, ক্যানসার প্রতিরোধ করতে অগ্রিম প্রতিষেধক হিসেবেও এটি ব্যবহার করা যেতে পারে।

Oral Cancer Head and Neck Cancer Cancer Risk Cancer treatment chewing gum
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy