E-Paper

ম্যাগনেশিয়ামের ঘাটতিতে বাড়ে বিপত্তি

শরীর সুস্থ রাখতে ম্যাগনেশিয়ামের মাত্রা ঠিক রাখা খুব জরুরি

ঐশী চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ০৯:৫৯

ক্যালশিয়াম বা আয়রনের মতো চর্চিত না হলেও শরীর সুস্থ রাখতে ম্যাগনেশিয়ামের ভূমিকাও গুরুত্বপূর্ণ। হৃদ্‌যন্ত্রের ছন্দ বজায় রাখা কিংবা পেশির সঙ্কোচন-প্রসারণে গুরুত্বপূর্ণ ম্যাগনেশিয়াম। “মধুমেহ, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এটি। মেটাবলিজ়মে যে রাসায়নিক বিক্রিয়া হয়, তাতেও সহায়ক ম্যাগনেশিয়াম। স্নায়ুতন্ত্রকে শিথিল করতে, মেলাটোনিন হরমোনের ভারসাম্য বজায় রাখতে জরুরি এই উপাদান। এর ফলে ঘুম ভাল হয়। শরীরে ম্যাগনেশিয়ামের মাত্রা ঠিক থাকলে ক্যালশিয়াম, জ়িঙ্ক-সহ বাকি উপাদানের মাত্রাও ঠিক থাকে,” বললেন ডা. সুবীর মণ্ডল।

ঘাটতি হলে

শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি অর্থাৎ হাইপোম্যাগনেশেমিয়া হলে চট করে বোঝা যায় না। ডা. প্রসূন কুমার মিত্র বলছেন, “পেশিতে টান ধরা, ঘুমের অভাব, অতিরিক্ত ক্লান্তি, উদ্বেগ, ঝিমিয়ে পড়া, দুর্বল বোধ করা, খিদে কমে যাওয়া, কোষ্ঠকাঠিন্যর মতো লক্ষণগুলো উপেক্ষা করবেন না।”

বুঝব যে ভাবে

কিছু রক্তপরীক্ষা করে যদি চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়, তা হলে সহজেই ধরা পড়ে। সাধারণত যাঁদের কিডনির সমস্যা, টাইপ-২ ডায়াবিটিস রয়েছে, তাঁদের মধ্যে এই সমস্যা দেখা যায়। এ ছাড়াও, খাদ্যাভাসে পর্যাপ্ত পুষ্টিকর খাবার না থাকা, অতিরিক্ত মদ্যপানকেও দায়ী করছেন চিকিৎসকেরা।

উপায় কী

শরীরে ম্যাগনেশিয়ামের মাত্রা বাড়াতে খাদ্যাভ্যাসে বদল আনতে হবে। পুষ্টিবিদ সুবর্ণা রায়চৌধুরী বললেন, “সুষম আহারে সব ধরনের খনিজ উপাদানই ঠিক মাত্রায় মিলতে পারে। লিঙ্গ, বয়স মাথায় রেখেই এমন খাদ্যতালিকা প্রস্তুত করা যায়। তবে সাধারণত প্রাপ্তবয়স্ক পুরুষদের রোজ ৪২০ মিলিগ্রাম ও মহিলাদের ৩২০ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম প্রয়োজন।” সারাদিনের খাদ্যতালিকায় শাকসবজি, বিশেষত পালং শাক, বিনস রাখা যায়। চিনা বাদাম, কাজু বাদাম, কুমড়োর বীজ, সূর্যমুখী বীজ, চিয়া সিডের মতো ফাইবারযুক্ত খাবারেও ম্যাগনেশিয়াম থাকে। দই, ডাল, টোফু, চিংড়িও রাখতে পারেন। পরিমিত মাত্রায় ডার্ক চকলেট খেলেও তা কাজে দেয়। একই উপকার মিলবে রোজ ব্রাউন রাইস, ওটস খেলে। তবে মনে রাখা জরুরি, শরীরে ম্যাগনেশিয়াম অতিরিক্ত হয়ে গেলেও বিপত্তি। পেট খারাপ, দুর্বল হয়ে পড়ার মতো সমস্যা দেখা দেয়। তাই পুষ্টিবিদের পরামর্শ নেওয়া জরুরি।

ম্যাগনেশিয়াম স্প্রে কি উপকারী

বর্তমানে বেশ জনপ্রিয় হয়েছে ম্যাগনেশিয়াম স্প্রে। এই স্প্রে ব্যবহার করলে শরীরে ম্যাগনেশিয়ামের মাত্রা বেড়ে যায়। ফলে ঘুম ভাল হয়, পেশির ক্র্যাম্প, মাথা যন্ত্রণাও কমে যায়। ডা. সুবীর মণ্ডল বললেন, “অনেকেই এই স্প্রে ব্যবহার করেন পায়ের পেশির ব্যথা থেকে স্বস্তি পেতে। কিন্তু, ম্যাগনেশিয়ামের মাত্রা অতিরিক্ত কমে গেলে প্রথমেই ম্যাগনেশিয়াম ইঞ্জেকশন বা সাপ্লিমেন্টস ব্যবহার করতে হবে। তার পরে আসবে ডায়েট।” ম্যাগনেশিয়াম স্প্রে কতটা কার্যকর, তা নিয়ে গবেষণা চলছে। তাই ডায়েটে ভরসা রাখাই ভাল।


(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Healthy life

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy