Advertisement
E-Paper

দ্রুত ওজন ঝরাতে সাহায্য করে কার্নিভোর ডায়েট, সেটি কি? আদৌ কি মেনে চলা উচিত?

রোগা হওয়ার ডায়েট শুনলেই ঝাঁপিয়ে পড়েন অনেকে। তাঁদের প্রয়োজনের জোগান দিতে ডায়েট রয়েছেও নানা ধরনের। তেমনই এক ডায়েটের নাম কার্নিভোর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১০

ছবি : সংগৃহীত।

ওজন ঝরানোর জন্য মানুষ কত কিছুই করছে। যোগ-ব্যায়াম, শরীরচর্চা, শুধু জল খেয়ে উপোসও করছেন কেউ কেউ। শেষেরটি অবশ্যই বিপজ্জনক। কিন্তু রোগা হতে বদ্ধপরিকর হলে অনেকেরই আর বিচারবুদ্ধি কাজ করে না। রোগা হওয়ার ডায়েট শুনলেই ঝাঁপিয়ে পড়েন। তাঁদের প্রয়োজনের জোগান দিতে ডায়েট রয়েছেও নানা ধরনের। তেমনই এক ডায়েটের নাম কার্নিভোর। নামেই মালুম হয় ডায়েটের ধরন। কারণ, কার্নিভোরাস শব্দটির অর্থ মাংসাশী। তবে এ ডায়েটে আরও অনেক নিয়ম আছে।

কার্নিভোর ডায়েট হল এমন একটি খাদ্যাভ্যাস যেখানে কোনও রকম উদ্ভিদজাত খাবার খাওয়া যাবে না। বদলে যা খাওয়া হবে, তার পুরোটাই প্রাণীদের থেকে প্রাপ্ত। এই ধরনের ডায়েটকে ‘জিরো কার্ব’ বা শর্করামুক্ত ডায়েটও বলা হয় অধিকাংশ সময়।

কার্নিভোর ডায়েটে যা খাওয়া হয়—

১। যেকোনও ধরনের মাংস। তার জন্য খাদ্যাভ্যাস বদলানোর দরকার নেই। যিনি যে ধরনের মাংস খেতে স্বচ্ছন্দ। তা-ই খেতে পারেন।

২। সব ধরনের সামুদ্রিক ও মিষ্টি জলের মাছ বা যে কোনও সি-ফুড।

৩। ডিম।

৪। প্রাণিজ চর্বি যেমন, মাখন, ঘি বা পশুর চর্বি।

৫। দুগ্ধজাত খাবার খাওয়া যেতে পারে। তবে অনেকে দুধ এড়িয়ে চলেন, কারণ তাতে ল্যাকটোজ় থাকে।

৬। এই ধরনের খাদ্যতালিকা থেকে সম্পূর্ণ বাদ যায়— সবজি, ফল, চাল, ডাল, ময়দা, আটা, বাদাম, বীজ, বিন জাতীয় খাবার এবং উদ্ভিদজাত খাবার। বাদ যায় চিনিও।

৭। বাদ যায় সব ধরনের প্রক্রিয়াজাত খাবার।

এটি কি আদৌ কাজের?

কার্নিভোর ডায়েট নিয়ে দু’ধরনের মতামত রয়েছে। কেউ বলেন, দ্রুত ওজন ঝরাতে এই ডায়েট অত্যন্ত কার্যকরী। আবার কেউ বলেন, এটি উপকারের চেয়ে শরীরের ক্ষতিই করে বেশি।

১. উপকার কী কী?

  • দ্রুত ওজন কমানো যায় এই ডায়েটে। শর্করা বা কার্বোহাইড্রেট একদম বন্ধ করে দিলে শরীরের জমা চর্বি ঝরতে শুরু করে। ফলে ওজন সহজে কমে যায়।
  • চিনি এবং প্রসেসড খাবার বাদ দেওয়ার ফলে প্রদাহ কমে। ফলে প্রদাহজনিত বেশ কিছু রোগ, যেমন বিভিন্ন ধরনের ব্যথা এবং অটো-ইমিউন ডিজ়িজের ঝুঁকি কমে যায়।
  • ফাইবার জাতীয় খাবার বেশি খেলে অনেকের পেটফাঁপা বা ব্লোটিং হয়। শরীর ভারী লাগে। এই ডায়েটে ফাইবার না থাকায়, হালকা থাকে শরীর। রক্তে শর্করার মাত্রাও স্থিতিশীল থাকে এই ডায়েট মানলে। ফলে সক্রিয়তা বাড়ে।

২. কেন সতর্ক হবেন?

  • ভিটামিন সি, ই এবং পটাশিয়ামের মতো জরুরি পুষ্টি উপাদান যা সাধারণত ফল ও সবজিতে থাকে, তার ঘাটতি হতে পারে। ঘাটতি হতে পারে ওই সমস্ত ভিটামিন থেকে শরীরে যে অ্যান্টি অক্সিড্যান্ট যায় তাতেও। এতে শরীরের ভিতরের নানা দূষণ দূর করে ভিতর থেকে পরিচ্ছন্ন রাখার যে প্রক্রিয়া তা ব্যাহত হতে পারে। যার প্রভাব পড়তে পারে সার্বিক স্বাস্থ্যে।
  • ডায়েটে একদম ফাইবার না থাকায় হজমের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য হতে পারে।
  • অতিরিক্ত মাংস এবং চর্বিযুক্ত খাবার অনেকের ক্ষেত্রে এলডিএল বা খারাপ কোলেস্টেরল-এর মাত্রা বাড়িয়ে দিতে পারে।

তা হলে কী করবেন?

কার্নিভোর ডায়েট মূলত একটি এলিমিনেশন ডায়েট। অর্থাৎ, বিশেষ কিছু খাবারকে বাদ দিয়ে দেখা, তা আপনার শরীর কোনও খারাপ প্রতিক্রিয়া তৈরি করছে কি না। এটি কিছু দিনের জন্য পরীক্ষামূলক ভাবে করে দেখা যেতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদি ভাবে এটি সবার জন্য নিরাপদ কি না, তা নিয়ে যথেষ্ট বৈজ্ঞানিক গবেষণা এখনও পর্যন্ত নেই। বিশেষ করে যদি কিডনির সমস্যা থাকে , উচ্চ রক্তচাপ বা হৃদরোগ থাকে, তবে এই ডায়েট শুরু করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Carnivore Diet Weight Loss Diet Plan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy