Advertisement
E-Paper

গ্রাহকের অ্যাকাউন্টে আচমকাই ১০ কোটি টাকা! মহিলা বললেন, এ টাকা আমার নয়, ফেরত নিন, কী জানাল ব্যাঙ্ক?

রীতা বলেন, ‘‘প্রথমে ভেবেছিলাম হয়তো এটিএমের কোনও গন্ডগোল। কিন্তু বেশ কয়েক বার অ্যাকাউন্টের ব্যালান্স পরীক্ষা করার পরেও যখন দেখলাম প্রায় ১০ কোটি টাকা রয়েছে, তখন ভয়ে হাত-পা কাঁপছিল আমার।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১০:৪৯
এই মহিলারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। ছবি: সংগৃহীত।

এই মহিলারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। ছবি: সংগৃহীত।

এক মহিলা গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আচমকাই ১০ কোটি টাকা জমা পড়ায় হুলস্থুল পড়ে যায়। কী ভাবে, কোথা থেকে এই টাকা এল, তা নিয়ে ভেবে কুলকিনারা পাচ্ছিলেন না গ্রাহক। শেষে সংশ্লিষ্ট ব্যাঙ্কের দ্বারস্থ হন তিনি। ব্যাঙ্ক কর্তৃপক্ষকে গোটা ঘটনাটি জানিয়ে অনুরোধ করেন, ওই টাকা যেন তাঁর অ্যাকাউন্ট থেকে ফেরত নিয়ে নেওয়া হয়। ব্যাঙ্কে গিয়ে মহিলা বলেন, ‘‘এই টাকা আমার নয়। আপনারা ফেরত নেওয়ার ব্যবস্থা করুন।’’

মহিলার এই সততায় স্তম্ভিত হয়ে যান ব্যাঙ্ক কর্তৃপক্ষও। ঘটনাটি উত্তরপ্রদেশের মৈনপুরীর। দেবগঞ্জ গ্রামের বাসিন্দা পরশবন বহেলিয়ার স্ত্রী রীতার অ্যাকাউন্টে আচমকাই ১০ কোটি টাকা ঢোকে। প্রথমে বিষয়টি তিনি জানতে পারেননি। নবরাত্রি উপলক্ষে তিনি এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন। অ্যাকাউন্টে কত টাকা আছে তা দেখতে গিয়ে চোখ কপালে ওঠে তাঁর। অ্যাকাউন্ট ব্যালান্স দেখাচ্ছিল ৯ কোটি ৯৯ লক্ষ ৪৯ হাজার ৫৮৮ টাকা। নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি রীতা। তিনি আবার অ্যাকাউন্ট পরীক্ষা করেন। এটিএমের স্ক্রিনে সেই একই পরিমাণ টাকা দেখাচ্ছিল।

রীতা বলেন, ‘‘প্রথমে ভেবেছিলাম হয়তো এটিএমের কোনও গন্ডগোল। কিন্তু বেশ কয়েক বার অ্যাকাউন্টের ব্যালান্স পরীক্ষা করার পরেও যখন দেখলাম প্রায় ১০ কোটি টাকা রয়েছে, তখন ভয়ে হাত-পা কাঁপছিল আমার। কোথা থেকে এত টাকা এল? ভেবেই দিশাহারা হয়ে পড়েছিলাম।’’ সঙ্গে সঙ্গে তিনি বাড়িতে ফিরে স্বামীকে বিষয়টি জানান। তার পর তাঁরা ব্যাঙ্কে যান। ব্যাঙ্কে গিয়ে বিষয়টি বলেন। ব্যাঙ্ক ম্যানেজার রীতার অ্যাকাউন্ট পরীক্ষা করেন। ম্যানেজার জানান, ব্যাঙ্কের প্রযুক্তিগত কোনও ভুলে এই টাকা মহিলা গ্রাহকের অ্যাকাউন্টে জমা পড়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে রীতার সততার প্রশংসা করেছেন ব্যাঙ্ক ম্যানেজার। তিনি বলেন, ‘‘কোটি কোটি টাকা অ্যাকাউন্টে ঢোকার পরেও গ্রাহক সেই টাকা তুলে নেননি। বরং সঠিক জায়গায় এসে বিষয়টি জানিয়েছেন। এই সততা প্রশংসনীয়।’’

Uttar Pradesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy