Advertisement
E-Paper

১৩ বছরের ছাত্রীর প্রেমে হাবুডুবু ৪৭ বছরের শিক্ষক! এক পাতার প্রেমপত্র ঘিরে হইচই কাণ্ড

অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রেমপত্র পাঠানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ১৪:৫৪
শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার।

শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার। প্রতীকী ছবি।

১৩ বছর বয়সি ছাত্রীর প্রেমে পড়লেন ৪৭ বছরের শিক্ষক। অষ্টম শ্রেণির ছাত্রীকে প্রেমপত্রও লিখলেন ওই শিক্ষক। এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের কনৌজ এলাকায়। শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর বাবা। শনিবার এই খবর প্রকাশ্যে এসেছে।

পুলিশ সূত্রে খবর, ছাত্রীকে এক পাতার চিঠিতে প্রেম নিবেদন করেছেন ওই শিক্ষক। প্রেমপত্রে ছাত্রীর নাম লিখেছেন শিক্ষক। তার পর লিখেছেন যে, স্কুলে ছুটি পড়ার আগে যেন তাঁর সঙ্গে দেখা করে ছাত্রী। যদি সত্যিই ওই ছাত্রী তাঁকে ভালবাসে, তা হলে যেন অবশ্যই তাঁর সঙ্গে দেখা করে। এ কথাই চিঠিতে লিখেছেন ওই শিক্ষক। চিঠি পড়ার পর ছাত্রী যাতে তা ছিঁড়ে ফেলে, সে কথাও উল্লেখ করা হয়েছে।

শিক্ষকের কাছ থেকে চিঠি পাওয়ার বিষয়টি বাবা-মাকে জানায় ওই ছাত্রী। এর পর ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেন ছাত্রীর বাবা-মা। এ কাজের জন্য শিক্ষককে ক্ষমা চাইতে বলেন তাঁরা। কিন্তু ক্ষমা চাওয়ার বদলে ওই শিক্ষক তাঁদের মেয়েকে গায়েব করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেছেন ছাত্রীর বাবা-মা।

এর পরই ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় দ্বারস্থ হয় ছাত্রীর পরিবার। ওই শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সুপার কানওয়ার অনুপম সিংহ জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। জেলা শিক্ষা আধিকারিক কৌস্তভ সিংহ বলেছেন, ‘‘একটা দল তৈরি করা হয়েছে। রিপোর্ট চাওয়া হয়েছে। শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’ শনিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি।

Love Affair Love Story national news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy