Advertisement
E-Paper

স্বামী আগে মেয়ে ছিলেন! বিয়ের আট বছর পর লিঙ্গ বদলের কথা জেনে পুলিশে অভিযোগ স্ত্রীর

স্বামীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন ৪০ বছর বয়সি ওই মহিলা। ২০১৪ সালে তাঁদের বিয়ে হয়েছিল। অভিযোগ, বিয়ের সময় লিঙ্গ বদলের কথা লুকিয়েছিলেন মহিলার স্বামী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২২ ১০:৪১
বিয়ের সময় লিঙ্গ বদলের কথা স্বামী লুকিয়েছিলেন বলে অভিযোগ মহিলার।

বিয়ের সময় লিঙ্গ বদলের কথা স্বামী লুকিয়েছিলেন বলে অভিযোগ মহিলার। প্রতীকী ছবি।

আট বছর আগে বিয়ে হয়েছিল। কিন্তু দাম্পত্য জীবনে শারীরিক সম্পর্ক স্থাপন করতেই চাইতেন না স্বামী। বরং ‘বিকৃত’ যৌনতাই তাঁকে আকৃষ্ট করত। স্বামীর এমন কাণ্ড দেখে খটকা লেগেছিল মহিলার। শেষে স্বামীই জানিয়ে দিলেন যে, তিনি লিঙ্গ বদলে মহিলা থেকে পুরুষ হয়েছেন। বিয়ের এতগুলো দিন কাটানোর পর স্বামীর স্বীকারোক্তিতে রীতিমতো আঁতকে উঠেছেন মহিলা। ঘটনাটি গুজরাতের বডোদরার।

স্বামীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন ৪০ বছর বয়সি ওই মহিলা। ২০১৪ সালে তাঁদের বিয়ে হয়েছিল। অভিযোগ, বিয়ের সময় লিঙ্গ বদলের কথা লুকিয়েছিলেন মহিলার স্বামী। গত বুধবার গোত্রী থানায় স্বামী বিরাজ বর্ধনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। বিকৃত যৌনতা ও প্রতারণার অভিযোগ দায়ের করেছেন তিনি। স্বামীর পরিবারের সদস্যদেরও নাম রয়েছে এফআইআরে।

পুলিশ সূত্রে খবর, ন’বছর আগে ‘ম্যাট্রিমনিয়াল সাইট’ (যেখানে পাত্র-পাত্রীর বিজ্ঞাপন দেওয়া হয়) মারফত বিজয় বর্ধনের সঙ্গে আলাপ হয় মহিলার। ২০১১ সালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় মহিলার প্রথম স্বামীর। তাঁর ১৪ বছরের কন্যা সন্তান রয়েছে। প্রথম স্বামীর মৃত্যুর পর বিজয়ের সঙ্গে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়। বিয়ের পর মধুচন্দ্রিমা করতে তাঁরা কাশ্মীরে গিয়েছিলেন।

মহিলার অভিযোগ, বিয়ের বহু দিন পরও তাঁর স্বামী শারীরিক সম্পর্ক স্থাপন করতে চাইতেন না। নানা অজুহাত দিতেন। এক বার জোর করায় মহিলাকে তাঁর স্বামী জানান যে, কয়েক বছর আগে রাশিয়ায় একটি দুর্ঘটনায় তিনি জখম হন। তাঁর অস্ত্রোপচার হয়। সে কারণেই শারীরিক সম্পর্ক স্থাপনে তিনি অক্ষম।

মহিলাকে তাঁর স্বামী এ-ও জানান যে, একটা ছোট অস্ত্রোপচারের পর তিনি ঠিক হয়ে যাবেন। ২০২০ সালের জানুয়ারি মাসে মহিলাকে তাঁর স্বামী জানান যে, ওজন কমানোর জন্য অস্ত্রোপচার করাতে কলকাতা গিয়েছিলেন। পরে স্ত্রীকে অভিযুক্ত ব্যক্তি বলেন, তিনি আদতে লিঙ্গ বদল করেছেন। তাঁর সঙ্গে ‘বিকৃত’ যৌনতায় লিপ্ত হতেন বলেও স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই মহিলা। এমনকি, এ কথা কাউকে জানালে পরিণতি ভয়ঙ্কর হতে পারে বলে হুমকিও দিতেন স্বামী।

পুলিশ জানিয়েছে, বিজয়ের আগের নাম ছিল বিজয়েতা। গোত্রী থানার ইনস্পেক্টর এমকে গুর্জর জানিয়েছেন, অভিযুক্ত দিল্লির বাসিন্দা। তাঁকে বডোদরায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এই অভিযোগের প্রেক্ষিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

Gujarat Marriage national news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy