নিজস্বীর তোলার জন্য জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না অনেকে। তা সে চলন্ত বাইক বা গাড়িতে কেরামতি দেখানোর সময় হোক, কিংবা পাহাড়ের কিনারা। নিজস্বী তুলতে গিয়ে মৃত্যু হয়েছে, এমন উদাহরণও ভুরি ভুরি রয়েছে। এ বার চিতাবাঘের সঙ্গে নিজস্বী তুললেন এক কৃষক।
সম্প্রতি এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ভিডিয়োতে দেখা যাচ্ছে, খোলা জমিতে একটি চিতাবাঘ বসে আছে। এক যুবক সেটির সামনে হাঁটতে হাঁটতে গেলেন। একেবারে কাছে গিয়ে চিতাবাঘের সঙ্গে নিজস্বী তুললেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই হুল্স্থুল পড়ে গিয়েছে। অনেক আবার এটিকে ভুয়ো বলেও দাবি করেছেন।
তবে এই ঘটনা কোথাকার তা অবশ্য স্পষ্ট হয়নি। তবে অনেকেই আবার যুবকের সাহস দেখে শিউরে উঠেছেন। কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই যুবক এক জন কৃষক। দাবি করা হচ্ছে, সকালে তিনি নিজের জমিতে গিয়েছিলেন। সেই সময় একটি চিতাবাঘকে দেখেন। তখন তিনি ভয় না পেয়ে বা প্রাণীটিকে না তাড়িয়ে সেটির সঙ্গে নিজস্বী তোলায় ব্যস্ত হয়ে পড়েন। অনেকে বলেছেন, ‘‘এ ভাবে জীবনের ঝুঁকি নিয়ে নিজস্বী তোলার কী দরকার।’’ প্রসঙ্গত, এ রকম একটি দৃশ্য বেশ কয়েক বছর আগে ধরা পড়েছিল মধ্যপ্রদেশে। গ্রামের মধ্যে ঢুকে পড়েছিল বাঘটি। সেটি অসুস্থ ছিল। ভিড়ের সঙ্গেই হেঁটে যেতে দেখা যায় বাঘটিকে। সেটি কাউকে আক্রমণ করেনি। পরে বন দফতর জানায়, বাঘটি অসুস্থ। পরে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।