আফ্রিকা মহাদেশ জুড়ে আবার থাবা বসাচ্ছে ইবোলা ভাইরাসের সংক্রমণ। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দিল্লির আসন্ন ভারত-আফ্রিকা চতুর্থ শীর্ষ সম্মেলন (ইন্ডিয়া-আফ্রিকা ফোরাম সামিট) স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল।
বিদেশ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিতে দাবি, ভারত সরকার এবং আফ্রিকান ইউনিয়ন (এইউ)-এর মধ্যে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আফ্রিকার মানুষের পাশে থাকার বার্তা দিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘আফ্রিকা সিডিসি’ (আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন)-র মাধ্যমে জনস্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করতে ভারত সবরকম সাহায্য করবে।
প্রসঙ্গত, ২৮-৩১ মে নয়াদিল্লিতে আফ্রিকান ইউনিয়ন কমিশনের সহযোগিতায় চতুর্থ ভারত-আফ্রিকা ফোরাম শীর্ষবৈঠক হওয়ার কথা ছিল। সেখানে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের নেতা এবং আফ্রিকান ইউনিয়ন কমিশনের প্রতিনিধিদের একত্রিত করার পরিকল্পনা ছিল। যার লক্ষ্য ছিল ভারত-আফ্রিকা অংশীদারিকে আরও শক্তিশালী করা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের জন্য একটি রূপরেখা তৈরি করা। কিন্তু সেই কর্মসূচিতে বাধ সাধল ইবোলা।