Advertisement
E-Paper

স্পাইসজেটের জন্য আকাশসীমা বন্ধ করে দিল বাংলাদেশ! কলকাতা থেকে বেশ কিছু বিমান ওড়াতে হচ্ছে ঘুরপথে

বাংলাদেশের আকাশ ব্যবহার করতে না পারায় কলকাতা থেকে গুয়াহাটি-সহ বেশ কিছু রুটে স্পাইসজেটের বিমানগুলিকে ঘুরপথে উড়তে হচ্ছে। এতে সময়ও বেশি লাগছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫১
স্পাইসজেটের বিমান।

স্পাইসজেটের বিমান। —ফাইল চিত্র।

উড়ান সংস্থা স্পাইসজেট-কে নিজেদের আকাশসীমায় প্রবেশ করতে দিচ্ছে না বাংলাদেশ। সূত্র মারফত এমনটাই জানাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই। জানা যাচ্ছে, বকেয়া সংক্রান্ত জটিলতার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি কর্তৃপক্ষ।

বাংলাদেশের আকাশ ব্যবহার করতে না পারায় কলকাতা থেকে গুয়াহাটি-সহ বেশ কিছু রুটে স্পাইসজেটের বিমানগুলিকে ঘুরপথে উড়তে হচ্ছে। এতে সময়ও বেশি লাগছে। এ বিষয়ে স্পাইসজেটের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করে পিটিআই। তিনি জানান, নেভিগেশন সংক্রান্ত খরচ এবং অন্য অপারেশনাল বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চালাচ্ছে স্পাইসজেট।

উড়ান সংস্থার ওই মুখপাত্রের কথায়, “এগুলি বিমান পরিষেবার ক্ষেত্রে খুব সাধারণ কিছু সমস্যা। আমরা একটি প্রাথমিক সমাধানসূত্রের জন্য গঠনমূলক আলোচনা চালাচ্ছি।” তবে এর জন্য বিমান পরিষেবায় প্রভাব পড়েনি বলেই জানান তিনি। নিয়ন্ত্রক সংস্থার যাবতীয় নিয়মবিধি মেনে পরিষেবা চালু রয়েছে বলে জানান সংস্থার মুখপাত্র।

বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ফ্লাইটরেডার২৪ ডট কম’-এ বৃহস্পতিবার দেখা যায়, কলকাতা থেকে গুয়াহাটি এবং ইম্ফলে যাওয়ার স্পাইসজেট বিমানগুলি বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করছে না। ঘুরপথে তারা গন্তব্যের উদ্দেশে যাচ্ছে।

কী কী সমস্যা রয়েছে, তা সংস্থার তরফে প্রকাশ্যে কিছু জানানো হয়নি। তবে সূত্র মারফত পিটিআই জানাচ্ছে, বকেয়া না মেটানোর কারণেই বাংলাদেশি কর্তৃপক্ষ এই ভারতীয় উড়ান সংস্থাটিকে নিজেদের আকাশসীমায় প্রবেশ করতে দিচ্ছে না। কত টাকা বকেয়া রয়েছে, কোন খাতে বকেয়া রয়েছে, সেই তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। এ বিষয়ে পিটিআই বাংলাদেশের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করে। তবে ইমেলের কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া মেলেনি।

spicejet
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy