Advertisement
E-Paper

অসম ভোটের প্রথম প্রার্থিতালিকা দিল বিজেপি! হিমন্ত এ বারও জালুকবাড়িতে, টিকিট পেলেন কংগ্রেসত্যাগী প্রদ্যোৎও

বুধবারই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন সাংসদ প্রদ্যোৎ। দিসপুর বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। দলবদলের ২৪ ঘণ্টার মধ্যেই টিকিট পেলেন প্রদ্যোৎ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১৩:১৬
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে সদ্য কংগ্রেসত্যাগী প্রদ্যোৎ বরদলৈ। বুধবার বিজেপিতে যোগ দেন তিনি।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে সদ্য কংগ্রেসত্যাগী প্রদ্যোৎ বরদলৈ। বুধবার বিজেপিতে যোগ দেন তিনি। —ফাইল চিত্র।

অসমে বিধানসভা ভোটের প্রথম প্রার্থিতালিকা প্রকাশ করল বিজেপি। প্রত্যাশিত ভাবে জালুকবাড়ি কেন্দ্র থেকে এ বারও প্রার্থী হয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। টিকিট পেয়েছেন সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রদ্যোৎ বরদলৈও। প্রাক্তন কংগ্রেস নেতাকে দিসপুর থেকে প্রার্থী করেছে বিজেপি।

আগামী ৯ এপ্রিল এক দফাতে নির্বাচন হবে অসমের ১২৬টি বিধানসভা কেন্দ্রে। বৃহস্পতিবার প্রথম দফায় ৮৮ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে বিজেপি। এ বারের নির্বাচনেও জালুকবাড়ি কেন্দ্র থেকে ভোটে লড়বেন হিমন্ত। বর্তমানে এই আসন হিমন্তের ঘাঁটি বলা যেতে পারে। কংগ্রেসে থাকার সময় থেকে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। ২০০১ সাল থেকে জালুকবাড়ির বিধায়ক হিমন্ত। তখন তিনি ছিলেন কংগ্রেসে। পরে দল বদলে বিজেপিতে আসার পরেও তাঁর আসন বদল হয়নি। এ বারও সেই আসন থেকে ভোটে লড়ছেন অসমের মুখ্যমন্ত্রী।

বুধবার কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন সাংসদ প্রদ্যোৎ। দিসপুর বিধানসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। দলবদলের ২৪ ঘণ্টার মধ্যেই টিকিট পেলেন তিনি। অসম প্রদেশ কংগ্রেস সভাপতি তথা যোরহাটের সাংসদ গৌরব গগৈয়ের সঙ্গে দীর্ঘ দিন ধরে প্রদ্যোতের সম্পর্ক মসৃণ নয়। এরই মধ্যে কংগ্রেস প্রকাশিত দ্বিতীয় প্রার্থিতালিকাতেও নাম না থাকায় অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রদ্যোৎ। মঙ্গলবার রাতেই দলত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন। ওই সময়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত তাঁকে দলে স্বাগত জানিয়ে বলেছিলেন, ‘‘প্রদ্যোৎদা এলে তাঁর দল আসন বরাদ্দ রাখবে।’’ তার ২৪ ঘণ্টার মধ্যে বিজেপিতে যোগ দেন প্রদ্যোৎ। এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে হিমন্তের ‘প্রতিশ্রুতি’ মতো আসনও পেয়ে গেলেন তিনি।

অসম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বরা সম্প্রতি যোগ দিয়েছেন বিজেপিতে। প্রথম প্রার্থিতালিকায় তাঁকেও টিকিট দিয়েছে বিজেপি। ভূপেনকে প্রার্থী করা হয়েছে বিহপুরিয়া আসন থেকে। বিজেপির প্রথম প্রার্থিতালিকায় জায়গা পেয়েছেন পীযূষ হাজরিকা, জয়ন্ত মল্ল বড়ুয়া, অশোক সিংহল, অজন্তা নিয়োগ, চন্দ্রমোহন পাটওয়ারি এবং রূপেশ গোয়ালার মতো মন্ত্রী। আবার মন্ত্রী নন্দিতা গারসোলা এ বার নিজের আসন হাফলং থেকে এ বার টিকিট পাননি। অসম বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যও তাঁর এখনকার আসন (গুয়াহাটি পূর্ব) থেকে টিকিট পাননি।

Assam BJP Himanta Biswa Sarma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy