মাইনে দিতে না পারায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে লাগাতার হেনস্থার অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হল ওই ছাত্রী। মৃত্যুর আগে ভিডিয়োবার্তায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে গিয়েছে সে। ঘটনাটি পঞ্জাবের অমৃতসরের।
পুলিশ কমিশনার গুরপ্রীত সিংহ ভুল্লার জানিয়েছেন, একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেই ভিডিয়ো পুলিশের হাতে আসতেই স্বতঃপ্রণোদিত একটি মামলা রুজু করে পুলিশ। তার পর তদন্ত শুরু হয়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম অমজ্যোত কউর। মামারবাড়িতে থাকত ওই ছাত্রী। সেখানে থেকেই পড়াশোনা করত। গত ২২ মে অমজ্যোতের দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে সন্দেহ, বিষাক্ত কোনও কিছু খেয়ে আত্মঘাতী হয়েছে সে।
পুলিশ জানিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অমজ্যোতকে। হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর আগে একটি ভিডিয়ো রেকর্ড করে সে। কোন পরিস্থিতি তাকে এই চরম সিদ্ধান্ত নিতে হয়েছে, সেখানে উল্লেখ করে গিয়েছে। স্কুল কর্তৃপক্ষকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করে গিয়েছে ওই ছাত্রী। তার অভিযোগ ছিল, স্কুলের মাইনে দিতে পারেনি পরিবার। ২০ হাজার টাকা বাকি পড়ে গিয়েছিল। সেই বকেয়া টাকা মেটাতে বার বার তার উপর চাপ সৃষ্টি করছিলেন স্কুল কর্তৃপক্ষ। তাই আরও কোনও উপায় ছিল তার। পুলিশ জানিয়েছে, ভিডিয়োটি তাদের হাতে পৌঁছোতেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনা অত্যন্ত হতাশাজনক বলে উল্লেখ করেছেন রাজ্যের মন্ত্রী হরজ্যোত সিংহ বাইনস। তিনি জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার দেওয়ার অভিযোগ তুলে এফআইআর দায়ের করা হয়েছে।