ভ্যালেন্টাইন্স ডে-র দুপুরে নয়ডায় গাড়ির ভিতর থেকে উদ্ধার হল যুগলের গুলিবিদ্ধ দেহ। উভয়েরই মাথায় গুলি লেগেছে। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, তরুণীকে গুলি করে খুনের পরে আত্মঘাতী হয়েছেন তরুণ। নিহতদের নাম সুমিত (৩২) এবং রেখা (২৬)। দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে নয়ডায় সেক্টর ১০৭-এ দাদরি রোডের ধারে একটি গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল। এলাকাটি পড়ে সেক্টর ৩৯ থানার মধ্যে। গাড়িটি দীর্ঘক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীদের। তাঁরাই খবর দেন থানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভিতর থেকে যুগলের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে।
গাড়িটি ভিতর থেকে বন্ধ অবস্থায় ছিল। পুলিশকর্মীরা সেই বন্ধ দরজা খোলানোর পরে দেখেন, দু’জনেরই মাথায় গুলি লেগেছে। সুমিতের হাতে একটি পিস্তলও ছিল। কী ভাবে দু’জনের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুসন্ধানের পরে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়ে থাকতে পারেন ওই তরুণ। পুলিশ সন্দেহ করছে, সুমিত প্রথমে রেখাকে গুলি করেন। তার পরে তিনি নিজেও গুলি চালিয়ে আত্মঘাতী হন।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, সুমিতের বাড়ি দিল্লির ত্রিলোকপুরী এলাকায়। রেখা নয়ডার সালারপুরের বাসিন্দা। দু’জনেরই পরিবারকে খবর দিয়েছে পুলিশ। একই সঙ্গে সুমিত এবং রেখার মধ্যে কী ধরনের সম্পর্ক ছিল, তা-ও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। দুই পরিবারের সঙ্গে কথা বলে এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ।