ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে ছুটছে এসইউভি। চালকের আসনে এক স্কুলপড়ুয়া। সঙ্গী তারই আরও পাঁচ বন্ধু। গাড়ির ভিতরে তারস্বরে বাজছিল গান। ঝড়ের গতিতে ছুটতে থাকা সেই এসইউভি প্রথমে ধাক্কা মারে এক বাইকচালককে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই বাইকচালকের।
স্থানীয়েরা গাড়িটিকে ধরার আগেই সেটি পালিয়ে যায়। এক পথচারী পুলিশকে ফোন করে জানান, একটি এসইউভি এক জনকে ধাক্কা মেরে পালাচ্ছে। পুলিশের টহলরত ভ্যান গাড়িটিকে ধরার চেষ্টা করে। কিন্তু তার আগেই সেই এসইউভি দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ জানিয়েছে, গাড়ির গতি এত বেশি ছিল যে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার পর একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। অভিঘাত এতটাই জোরালো ছিল গাড়িটি ট্রাকের নীচে ঢুকে পুরো তালগোল পাকিয়ে যায়। ধাক্কার জেরে ট্রাকটিও উল্টে পাশের লেনে গিয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে হোসকোটে তালুকের কাম্বালিপুরা গেটের কাছে। এসইউভি-তে থাকা সকলেই স্কুলপড়ুয়া। গাড়িতে মোট ছ’জন ছিল। তাদের সকলেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। মৃতেরা হল, আহরাম শরিফ, অশ্বিন নায়ার, এথান জর্জ, আয়ান আলি, ভরত, মহম্মদ ফারহান। সকলেই দশম শ্রেণির ছাত্র।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গাড়িটি এমন ভাবে তালগোল পাকিয়ে গিয়েছিল যে, ভিতরে থাকা কিশোরদের বার করা সম্ভব হচ্ছিল না। পরে গ্যাসকাটার নিয়ে এসে গাড়ি কেটে দেহগুলি উদ্ধার করা হয়েছে।