Advertisement
E-Paper

মোহালির স্কুলে স্কুলে বোমাতঙ্ক! মুখ্যমন্ত্রী ভগবন্তকে ভর্তি করানো হাসপাতালেরও নাম লেখা হুমকি ইমেলে

সাত দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার মোহালিতে বোমাতঙ্ক ছড়াল। গত বুধবার মোহালির অন্তত ১৬টি স্কুলে বোমা থাকার ভুয়ো তথ্য পাঠানো হয়েছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৭
পঞ্জাবের রাস্তায় পুলিশের টহল।

পঞ্জাবের রাস্তায় পুলিশের টহল। —ফাইল চিত্র।

ফের বোমাতঙ্ক ছড়াল পঞ্জাবের মোহালির বিভিন্ন স্কুলে। মঙ্গলবার সকালে ফের মোহালির বেশ কিছু স্কুলে একই ধরনের হুমকি ইমেল পাঠানো হয়েছে। সেগুলিতে মোহালির এক হাসপাতালের নামও উল্লেখ করা হয়েছে। ওই হাসপাতালেই রবিবার ভর্তি করানো হয়েছিল পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। সোমবার তাঁকে ছুটিও দেওয়া হয় হাসপাতাল থেকে। পিটিআই সূত্রে জানা যাচ্ছে, হাসপাতাল থেকে ছুটির পরক্ষণেই তিনি আবার অসুস্থ হয়ে পড়েন এবং পুনরায় সেখানে ভর্তি করানো হয় মানকে। হুমকি ইমেল পাওয়ার পরেই ওই হাসপাতাল চত্বরেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

গত সাত দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার মোহালিতে বোমাতঙ্ক ছড়াল। গত বুধবার মোহালির অন্তত ১৬টি স্কুলে বোমা থাকার ভুয়ো তথ্য পাঠানো হয়েছিল। ওই ঘটনার পরে এক সপ্তাহের মধ্যেই ফের বোমাতঙ্ক ছড়াল মোহালির বিভিন্ন স্কুলে। স্কুলগুলিতে ইমেল করে হুমকিবার্তা পাঠানো হয়েছে। ইমেলটি স্কুল কর্তৃপক্ষগুলির নজরে আসার পরেই তাঁরা পুলিশকে খবর দেন। হুমকি পাওয়া প্রতিটি স্কুলে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছুই মেলেনি। নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে মোহালির এক হাসপাতালেও।

পুলিশ জানাচ্ছে, স্কুলগুলিতে যে হুমকি ইমেল পাঠানো হয়েছে, তাতে এক হাসপাতালের নামও উল্লেখ রয়েছে। সেখানেও নাশকতাবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। ওই অভিযানের সময়ে জরুরি পরিষেবা চালু থাকলেও, এই মুহূর্তে প্রয়োজন নয় এমন সব পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল। পিটিআই সূত্রের খবর, সোমবার রাতে ওই হাসপাতালটিতেই ফের ভর্তি করানো হয় মানকে।

সম্প্রতি দেশের বিভিন্ন শহরে স্কুলগুলিতে এমন হুমকি ইমেল যেতে শুরু করেছে। গত শুক্রবার সকালে দিল্লির বিভিন্ন স্কুলে হুমকি ইমেল যায়। বলা হয়, বোমায় স্কুল উড়িয়ে দেওয়া হবে। ওই ইমেল পাওয়ার পরে দ্রুত পড়ুয়াদের স্কুল ছুটি দিয়ে দেন কর্তৃপক্ষ। কিন্তু তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছু মেলেনি। সোমবার গুজরাতের অহমদাবাদ এবং বডোদরাতেও বিভিন্ন স্কুলে বোমা থাকার ভুয়ো তথ্য ইমেল করা হয়। সেখানেও তল্লাশির পরে কিছু পাওয়া যায়নি।

Bomb Threat Punjab Mohali
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy